সংবাদদাতা, রঘুনাথপুর: ছট উপলক্ষ্যে বিভিন্ন ডিভিশন অতিরিক্ত ট্রেন চালাচ্ছে। পুজোর মরশুমে ট্রেন যোগাযোগ মসৃণ রাখতে রেল দপ্তর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। অথচ আদ্রা ডিভিশন রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য ফের এক সপ্তাহ ধরে আদ্রা ডিভিশনে যৌথ রোলিং ব্লক নিতে চলেছে। যার জেরে যাত্রীরা ব্যাপক সমস্যার সম্মুখীন হতে চলেছে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, আজ সোমবার ১৬ নভেম্বর থেকে আগামী ২২ নভেম্বর রবিবার পর্যন্ত ব্লক থাকছে। যার কারণে একাধিক মেমু ও এক্সপ্রেস ট্রেন বাতিল, আংশিক বাতিল, ঘুরপথে ও দেরিতে চলাচল করবে। রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে৬৮০৪৬/৬৮০৪৫ (আসানসোল - আদ্রা - আসানসোল) মেমু প্যাসেঞ্জার ১৭ থেকে ২২ নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে। একেই ভাবে, ৬৮০৯০/৬৮০৮৯ (আদ্রা - মেদিনীপুর - আদ্রা )মেমু প্যাসেঞ্জার ১৭, ২০ ও ২২ নভেম্বর বাতিল করা হয়েছে। এবং ৬৮০৭৭/৬৮০৭৮ (আদ্রা - ভাগা - আদ্রা) মেমু প্যাসেঞ্জার ১৮ নভেম্বর বাতিল করা হয়েছে। বাতিলের পাশাপাশি কিছু ট্রেনের যাত্রাপথ সংযুক্ত করা হয়েছে। যার মধ্যে ৬৮০৫৩/৬৮০৫৪ (আদ্রা - বরাভূম- আদ্রা) মেমু প্যাসেঞ্জার ১৮ ও ২১ নভেম্বর পুরুলিয়া পর্যন্ত চলবে। ওইদিনগুলিতে পুরুলিয়া - বরাভূম অংশে পরিষেবা বাতিল থাকবে। পাশাপাশি ৬৮০৫৬/৬৮০৬০ (টাটা - আসানসোল - বরাভূম) মেমু প্যাসেঞ্জার ১৭, ২০ ও ২২ নভেম্বর আদ্রা পর্যন্ত চলবে। ওই তিনদিন আদ্রা - আসানসোল অংশে পরিষেবা বাতিল থাকবে। এবং ৬৩৫৯৪/৬৩৫৯৩ (আসানসোল - পুরুলিয়া- আসানসোল) মেমু প্যাসেঞ্জার ১৬, ১৭, ১৮, ১৯, ২১ ও ২২ নভেম্বর আদ্রা পর্যন্ত চলবে। ওইদিনগুলিতে ট্রেনটির পরিষেবা আদ্রা - পুরুলিয়া অংশে বাতিল থাকবে।
এছাড়া ১৮৬০১ (টাটা - হাটিয়া) এক্সপ্রেস ১৮ ও ২১ নভেম্বর চাণ্ডিল - পুরুলিয়া - কোটশিলা - মুড়ি রুটের বদলে চাণ্ডিল - গুন্ডা বিহার - মুড়ি রুট দিয়ে চলবে।
অন্যদিকে, দুটি ট্রেনকে দেরিতে চালানো হবে। যার মধ্যে ১৮০৩৬ (হাটিয়া - খড়গপুর) এক্সপ্রেস ১৬, ১৭, ১৮, ২০, ২১ ও ২২ নভেম্বর হাটিয়া থেকে নির্ধারিত সময়ের ৯০ মিনিট দেরিতে ছাড়বে। এবং ১৮০৩৫ (খড়গপুর - হাটিয়া) এক্সপ্রেস ১৬ ও ১৮ নভেম্বর খড়গপুর থেকে ৬০ মিনিট দেরিতে ছাড়বে।
যাত্রীদের মধ্যে শিক্ষক শান্তকুমার সরেন, দিনমজুর বিমল দাস, ব্যবসায়ী আশিষ বন্দ্যোপাধ্যায় বলেন, আদ্রা ডিভিশনে মুষ্টিমেয় কয়েকটি লোকাল ট্রেন চলাচল করে। তার মধ্যে বেশিরভাগ ট্রেন প্রায় দিন চলাচল করে না। উন্নয়নমূলক কাজের নামে বেশিরভাগ ট্রেনের পরিষেবা বাতিল রাখা হয়। কবে সমস্যার সমাধান হবে জানা নেই। রেল দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, যাত্রীদের যাত্রার আগে ট্রেনের সময় যাচাই করে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া বাতিল থাকা প্রতিটি ট্রেনের বিষয়ে স্টেশনগুলিতে নিয়মিত প্রচার করা হবে।



