নিজস্ব প্রতিনিধি, বর্ধমান এবং সংবাদদাতা, বোলপুর: পালাবদলের পর ছ’মাসে পাঁচটি এনকাউন্টার। বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জ, রায়গঞ্জ এবং নানুর। শুক্রবার শান্তিনিকেতনে পুলিশ কনস্টেবলকে গুলি করার অভিযোগ উঠেছিল রতন শেখের বিরুদ্ধে। তারই এনকাউন্টার হল রবিবার বিকালে। বর্ধমানের নবাবহাটে আত্মগোপন করেছিল রতন। পুলিশ তাকে এদিন দুপুরে গ্রেপ্তার করে নানুরে নিয়ে যায়। সেখানকার উচকরণ গ্রাম সংলগ্ন একটি পরিত্যক্ত ইটভাটার কাছে সে পুলিশকে গুলি করে পালানোর চেষ্টা করে। গুলি লাগে পুলিশের গাড়িতে। পালটা পুলিশ গুলি চালালে তার মৃত্যু হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করলে তিনি সাফ বলেন, ‘পুলিশকে গুলি করলে পুলিশ ফুল ছুড়বে না। বাতাসা খাওয়াবে না। পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়াই আছে। বাংলায় গুন্ডা, ধর্ষণকারীদের জায়গা নেই।’
শুক্রবার শান্তিনিকেতনের লায়েকবাজারে দুই দুষ্কৃতীকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হন কনস্টেবল বিশ্বজিৎ দাস। তাঁর পায়ে গুলি লাগে। এরপরই অভিযুক্তরা পালিয়ে যায়। ওই পুলিশকর্মীকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। সেখান থেকে নিয়ে আসা হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। উডবার্ন ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছে।
মুখ্যমন্ত্রী অবশ্য শনিবার রাতে বর্ধমানে দেখতে গিয়েছিলেন জখম বিশ্বজিৎবাবুকে। তখনই কড়া বার্তা শোনা যায় তাঁর মুখে। কোমর বাঁধতে দেরি করেনি পুলিশ। জানা যায়, বর্ধমান জেলাতেই বীরভূম লাগোয়া নবাবহাটে আত্মগোপন করে আছে রতন। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় তাকে। বাদশাহী রোড ধরে মঙ্গলকোট হয়ে নানুর নিয়ে আসা হয়। শুরু হয় জেরা। সূত্রের খবর, কনস্টেবলকে গুলি চালানোর ঘটনা স্বীকার করে নেয় সে। কোথায় পিস্তলটি লুকিয়ে রেখেছে, সেটাও জানায় তদন্তকারীদের। পুলিশ তাকে নিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে বেরয়। গোপন জায়গা দেখানোর অছিলায় পুলিশ কর্মীদের উচকরণ এলাকায় নিয়ে যায়। তারপরই সেই পিস্তল দিয়ে পুলিশকে লক্ষ্য করে পর পর গুলি চালাতে থাকে। পুলিশ পালটা গুলি চালালে রতনের ডান দিকের পাঁজরে গুলি লাগে। তাকে নানুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মৃতদেহ তারপর বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রতনের বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। ছিনতাই, লুট, অস্ত্র কারবার সহ বিভিন্ন অভিযোগ। পুলিশকে গুলি চালানোর দিনই সে জামিন পেয়ে ফের অপরাধের ছক কষছিল। তার মতো কুখ্যাত দুষ্কৃতী কীভাবে জামিন পেল, সেই প্রশ্ন তুলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। জানিয়েছিলেন, এ নিয়ে তদন্ত হবে। এক আধিকারিক বলেন, ‘পুলিশকে গুলি চালানোর দিনই রতন পূর্ব বর্ধমানে চলে আসে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আত্মগোপন করেছিল। তাকে ধরতে একাধিক টিম তৈরি করা হয়। পূর্ব বর্ধমান পুলিশের সহযোগিতাও নেওয়া হয়েছে।’ নিজস্ব চিত্র



