সিউড়িতে বামদেবের বিসর্জনে উদ্দাম উল্লাস, পুলিশি নিষেধ উড়িয়ে ডিজে
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সিউড়ির এসপি মোড়ের বামদেব ক্লাবের কালীপুজোর বিসর্জন মানেই এক এলাহি ব্যাপার। কান ফাটানো বক্স, বিশাল শোভাযাত্রা আর তার সঙ্গে এলাকার কিশোর-যুবকদের বিচিত্র চুলের ছাঁট! বছরের পর বছর ধরে এটাই এই ক্লাবের ভাসানের মূল আকর্ষণ। এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি। রবিবার বিসর্জনের শোভাযাত্রায় কারও মাথায় উঁকি দিল ‘অক্টোপাস’, তো কারও চুলে ফুটে উঠল ‘আনারস’ বা ‘রামধনু’। এমনকী ‘অ্যালিয়েন’ ছাঁট দিয়েও বাজিমাত করল ১০ থেকে ২০ বছর বয়সিরা। শনিবার রাত থেকেই এলাকার সেলুনগুলিতে কার্যত উৎসবের মেজাজ। দীর্ঘ চার ঘণ্টা ধরে সেলুনের চেয়ারে বসে চুলে ‘অক্টোপাস’ কাট করাচ্ছিলেন তরুণ সুবোধ সোনার। তাঁর কথায়, ‘গতবার চুলে সোনার গদা করেছিলাম, এবার অক্টোপাস। খরচ পড়ছে প্রায় দেড় হাজার টাকা।’ দীর্ঘ পনেরো বছর ধরে এই বিচিত্র সাজের কারিগর এলাকার ক্ষৌরকার রবি ভান্ডারি। কাঁচি চালাতে চালাতেই তিনি বলেন, ‘ভাসানে ভিড়ের নজর কাড়তেই ছেলেরা এই সব অদ্ভুত ছাঁট করতে আসে। হাজার টাকা থেকে রেট শুরু। এবার অক্টোপাস আর অ্যালিয়েন কাটিংয়েরই সবচেয়ে বেশি চাহিদা।’ আশ্চর্যের বিষয় হল, পকেট থেকে হাজার দেড়েক টাকা খরচ করে করা এই সাজের মেয়াদ কেবল একদিন! ভাসান মিটলেই পরদিন কেউ মাথা ন্যাড়া করে ফেলেন, কেউ বা আবার চুলে কালো রং মাখিয়ে নেন। ভাসাণের শোভাযাত্রায় চুলের এই অভিনবত্ব দেখতে এদিন দুপুর ১টা থেকে শহরের রাস্তার দু’ ধারে উপচে পড়েছিল হাজার হাজার মানুষের ভিড়। তবে এই উল্লাসের মাঝে পুরোপুরি উড়ে গিয়েছে প্রশাসনিক নির্দেশিকা। শনিবার রাতেই সিউড়ি থানার আইসি কড়া ভাষায় ডিজে বাজাতে নিষেধ করে গিয়েছিলেন। কিন্তু কে শোনে কার কথা! সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রবিবার তারস্বরে বাজল ডিজে। ডিজের তালে বাজানো হল, ‘মোদি কহিঁ নেহি জায়েগা’ গানটি। প্রসঙ্গত, পুজোর উদ্বোধনে এসে রাজ্যের মন্ত্রী তথা সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় কথা দিয়েছিলেন, ভাসানে এই গানটি বাজলে তিনি নিজে এসে নাচবেন। এদিন তিনি সিউড়ি শহরে উপস্থিত থাকলেও, শেষমেশ আর নাচতে আসেননি। তবে, এসেছিলেন তাঁর ছায়াসঙ্গী তথা বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই। অন্যদিকে, এই বিশাল শোভাযাত্রার জেরে রবিবার কার্যত স্তব্ধ হয়ে যায় গোটা সিউড়ি শহর। দুপুর ১টায় শুরু হওয়া ভাসানের শোভাযাত্রা বাস স্ট্যান্ড পেরোতেই বিকেল সাড়ে পাঁচটা বেজে যায়। দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে চলা এই উদ্দাম উল্লাসের জেরে রাস্তায় আটকে পড়ে বহু বাস ও গাড়ি। চরম নাকাল হতে হয় সাধারণ পথচারীদের। এদিন রাতে সিউড়ি রেড রোজ ক্লাবের বিসর্জন যাত্রাও হয়।

Advertisement