শ্রীকান্ত পড়্যা, তমলুক: রাজ্যে পালাবদলের মাত্র ছ’মাসের মধ্যেই স্বয়ং মুখ্যমন্ত্রীর নাম করে ৬ কোটি টাকার তোলাবাজি বিজেপি নেতার! তিনি আবার শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরেরই দাপুটে নেতা। দলের মণ্ডল কমিটির সহ সভাপতি। দিল্লিতে বিজেপি দপ্তরেও তাঁর অবাধ যাতায়াত। একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেন। আর তার সুবাদেই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে কখনো চাকরি, কখনো কাজের বরাতের ‘টোপ’ ফেলে প্রায় ৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অভিজিৎ করণ নামে নন্দকুমার থানার চকশিমুলিয়া গ্রামের সেই গেরুয়া নেতার বিরুদ্ধে। দলের নন্দকুমার-১ মণ্ডল কমিটির সহ সভাপতির এহেন কুকীর্তির খবর সম্প্রতি কানে যায় শুভেন্দুবাবুর। তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হন। অবিলম্বে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন পুলিশ সুপারকে। ইতিমধ্যে শীর্ষ নেতৃত্বের নির্দেশে গত ১১ নভেম্বর অভিজিতের বিরুদ্ধে নন্দকুমার থানায় এফআইআর করেন নন্দকুমার পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্য রিপুঞ্জয় প্রামাণিক। অভিযোগ, তাঁকে বিধানসভা ভোটে প্রার্থী করে দেওয়ার লোভ দেখিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়েছেন মণ্ডল কমিটির ওই নেতা। শনিবার অভিজিৎকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার ধৃতকে পূর্ব মেদিনীপুর সিজেএম কোর্টে পেশ করা হলে দু’দিন পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিজিৎ। এদিন আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার সময় তিনি বলেন, ‘আমাকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে। ছ’কোটি টাকা তোলাবাজির অভিযোগ একদম ঠিক নয়।’
রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর চাকরি দেওয়ার নামে এবং ঠিকাদারদের কাজের বরাত পাইয়ে দেওয়ার অছিলায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—বিভিন্ন জেলায় প্রায় ছ’কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে অভিজিতের বিরুদ্ধে। তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের প্রাক্তন ভাইস চেয়ারম্যান রিপুঞ্জয়বাবুর দাবি, ‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর নাম ভাঙিয়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা তুলেছেন আমাদের ওই গুণধর নেতা। আমাকে বিধানসভা ভোটে প্রার্থী করানোর লোভ দেখিয়ে দিল্লিতে নিয়ে গিয়েছিলেন। একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, এমনকি সর্বভারতীয় নেতা সুনীল বনসলের সঙ্গে সাক্ষাৎ করিয়েছেন। তারপর কলকাতার হোটেলে ১২ লক্ষ টাকা নিয়েছেন। একই ধাপ্পা দিয়ে খঞ্চির আর এক নেতার কাছ থেকে ছ’লক্ষ টাকাও নিয়েছেন।’
জানা গিয়েছে, চকশিমুলিয়া গ্রামের ওই বিজেপি নেতার বিরুদ্ধে তোলাবাজির পুরানো অভিযোগ ছিলই। সম্প্রতি উত্তরবঙ্গের অনেকেই প্রতারিত হওয়ার পর যোগাযোগ করেছিলেন স্থানীয় বিধায়ক ও রাজ্য নেতৃত্বের সঙ্গে। বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনা হয়। তিনি সব শুনে চমকে যান। সঙ্গে সঙ্গে পুলিশ সুপারকে ব্যবস্থা নিতে নির্দেশ পাঠান। শনিবার বিকালে কাঁথির বাড়ি থেকে কলকাতায় যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কনভয় থেমেছিল নন্দকুমারে। সেখানকার ওসি দিলীপকুমার গুপ্তার কাছে অভিজিতের বিষয়ে খবর নেন শুভেন্দুবাবু। ওসি জানান, বিকাল ৩টে
৩০ মিনিটে অভিযুক্ত গ্রেপ্তার হয়েছেন। ধৃতকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। নিজস্ব চিত্র



