সংবাদদাতা, নাগরাকাটা: মধ্য ডুয়ার্সের অফবিট এলাকা নাগরাকাটায় পর্যটকদের ভিড় বাড়ছে। অনান্য এলাকার তুলনায় নাগরাকাটার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। ভারত-ভুটান সীমান্তের গোরুমারা ও চাপরামারি জঙ্গলের ধারে একাধিক ভিউপয়েন্ট রয়েছে। তাই কোনো পর্যটক এখানে একবার এলে বারবার ঘুরতে আসতে চান। অপরূপ পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি মাঝেমধ্যেই দেখা মেলে হাতি, গন্ডার ও হরিণের। কখনও আবার গাড়িতে জঙ্গলের মধ্যদিয়ে যেতে যেতে চিতাবাঘের দেখা পাওয়াও বিরল নয়। পাহাড়, পর্বত, জঙ্গল যেন এখানে কেউ সাজিয়ে রেখেছে। এমনকী নাগরাকাটা ব্লকের বিভিন্ন এলাকা থেকে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার।
কলকাতার বেহালা থেকে আসা তন্ময় দাস বলেন, আমরা লাটাগুড়িতে একটি হোটেলে উঠেছি। সেখান থেকে জঙ্গল সাফারি করলাম কিন্তু ময়ূর ছাড়া কিছুই দেখতে পেলাম না। এক গাইডের কাছ থেকে জানতে পারলাম এই মরশুমে নাকি সন্ধ্যা হলেই নাগরাকাটার বিভিন্ন এলাকায় হাতির দল বেড়িয়ে পড়ে। সেইমতো আমরা ১০ জনের একটি দল নিয়ে হাতি দেখতে বেড়িয়ে পড়লাম। সুখানিবস্তির দু’টি জায়গায় ধান খেতে হাতি এসেছিল। আমরা নিরাপদে দাঁড়িয়ে দূর থেকে হাতি দেখলাম।
সুখানিবস্তির একটি বেসরকারি হোমস্টেতে কলকাতার পাটুলি থেকে আসা অভিজিৎ পোদ্দার বলেন, শনিবার রাতে যে হোমস্টেতে ছিলাম সেটা ঘেঁষেই ছ’টি হাতি চলে গেল। এত কাছ থেকে হাতি দেখে আমাদের গা শিউরে উঠেছিল। এছাড়াও নাগরাকাটার জলঢাকার বিভিন্ন এলাকা থেকে ভুটান ও কালিম্পং পাহাড়ের অপরূপ দৃশ্য দেখা যায়। শুনেছি বামনডাঙ্গা চা বাগান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখা যায়। সেখানেও যাব।
উল্লেখ্য, শুধু বামনডাঙ্গা চা বাগান নয়, এই ব্লকের আংরাভাসা গ্রাম পঞ্চায়েতের ধন্দাসিমলা থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ব্লকের শেষ চা বাগান হচ্ছে বামনডাঙ্গা। এখান থেকে আর কোনো রাস্তা নেই। একপাশে ডায়না অন্যপাশে রয়েছে গোরুমারা অভয়ারণ্য। বামনডাঙ্গা চা বাগানের জিরোপয়েন্ট থেকে হাতি, গন্ডার, হরিণ, চিতাবাঘ সহ অন্যান্য বন্যজন্তু দেখা যায়। এখান থেকে যাওয়া যায় কূর্তি চা বাগানের রামমন্দির, হিলা চা বাগান, জিতি ভুটান বর্ডার। এছাড়াও একদিনের জন্য বানারহাটের চামুর্চি থেকে সামসি হয়ে ভুটান যাওয়া যায়। সেখানে রয়েছে বিশাল বৌদ্ধ গুম্ফা। • নিজস্ব চিত্র।



