সংবাদদাতা, বোলপুর: পুলিশকর্মীকে গুলি করার ঘটনায় অভিযুক্ত রতন শেখের (৩৭) মৃত্যু ঘিরে সোমবার সাংবাদিক সম্মেলন করল বীরভূম জেলা পুলিশ। শান্তিনিকেতন থানায় সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ সুপার ভিদিত রাজ ভুন্দেশ রবিবার সন্ধ্যার এনকাউন্টারের ঘটনার বিবরণ দেন।
পুলিশ সুপার জানান, রতনকে গ্রেপ্তারের পর পুলিশকর্মীকে গুলি করার সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করতে তাকে নানুর থানার উচকরণ গ্রাম সংলগ্ন একটি পরিত্যক্ত ইটভাটার কাছে নিয়ে যাওয়া হয়। রতনের দেখানো জায়গায় তল্লাশি চালানোর সময় আচমকাই ঝোপের আড়াল থেকে বসে সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। সেই গুলি পুলিশের গাড়িতে লাগে। এরপর আত্মরক্ষায় পুলিশ পালটা গুলি চালায়। রতন ফের গুলি চালানোর চেষ্টা করলে পুলিশ আবারও গুলি চালায়। তাতেই গুরুতর জখম হয় সে। পুলিশ সুপার আরও জানান, আহত রতনকে বাঁচানোর জন্য দ্রুত নানুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় পুলিশের উপর গুলি চালানোর অভিযোগে শান্তিনিকেতন ও নানুর থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। রবিবার রাতেই এই ঘটনায় রমেশ লোহার ও নূর হোসেন শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধেও একই ধারায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশ সুপার। এই ঘটনার তদন্ত প্রসঙ্গে ভিদিত রাজ ভুন্দেশ জানান, স্বাধীন তদন্তের পাশাপাশি বিচারবিভাগীয় তদন্ত, ময়নাতদন্তের ভিডিওগ্রাফি এবং ফরেনসিক পরীক্ষাসহ সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া করা হবে। রতনকে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার সময় পুলিশ সমস্ত রকম সতর্কতা অবলম্বন করেছিল বলেও দাবি করেন তিনি। তিনি আরো বলেন , আগ্নেয়াস্ত্র উদ্ধারের প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করার সময়ই রতন গুলি চালায়।
তবে প্রশ্ন উঠছে গ্রেপ্তার হওয়া এক আসামির কাছে আগ্নেয়াস্ত্র এল কিভাবে। যদিও তার উত্তর এখনও পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত ৬ মাসে রাজ্যে রতন শেখকে নিয়ে এনকাউন্টার সংখ্যা পৌঁছল পাঁচে।



