নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি হলেন শাখারভ সরকার। রেজিনগর উপনির্বাচনে বিশাল মার্জিনে জয়লাভ করার পর এবার নতুন দায়িত্ব পেলেন শাখারভ। এর আগেও বিজেপির সভাপতি হিসেবে জেলায় সংগঠন বিস্তারে ভালো ভূমিকা নেন তিনি। এবার মলয় মহাজনকে সরিয়ে দল তাঁকে পুনরায় দায়িত্ব দিল। মলয়বাবুর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলছিলেন দলের কর্মীরাই। সম্প্রতি একটি কালী পুজোকে ঘিরে লক্ষ লক্ষ টাকা চাঁদার জুলুমের অভিযোগ ওঠে মলয়বাবুর বিরুদ্ধে। গত কয়েকদিন মলয় মহাজন সাংগঠনিক কাজে যেখানেই গেছেন সেখানেই তাঁর বিরুদ্ধে বিক্ষোভ জানিয়েছেন দলের নিচু তলার নেতা কর্মীরা। এর ফলে বেশ অস্বস্তিতে পড়ে গেরুয়া শিবির। এবার তাঁকে সরিয়ে শাখারভকে দায়িত্ব দেওয়ায় খুশি কর্মী-সর্মথকদের একাংশ। শাখারভ নতুন দায়িত্ব পেয়ে বর্তমানকে একান্ত সাক্ষাৎকারে বলেন, এই দায়িত্ব অনেকটাই উজ্জীবিত করবে দলীয় কর্মীদের। সমস্ত নেতা-কর্মীদের গুরুত্ব দিয়ে বিজেপির সার্বিক বিকাশ করাই হবে আমার লক্ষ্য।



