আলিগড়: দিল্লি থেকে হাওড়াগামী রাজধানী এক্সপ্রেসে হামলা। রবিবার সন্ধ্যা ৬-২৭ মিনিটে চলন্ত ট্রেনে বাইরে থেকে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। তাতে ট্রেনের জানলার কাচ আংশিক ভেঙে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, উত্তরপ্রদেশের মান্দ্রক থেকে পোরা স্টেশনের মধ্যে ঘটনাটি হয়েছে। ঘটনায় আহত দুই যাত্রী। তার মধ্যে একজন সাইড লোয়ার বার্থে ছিলেন। পাশের জানলাতেই হামলা চলে। কাচের বাইরের অংশ একেবারে গুড়িয়ে যায়। ভিতরেও চিড় ধরে। ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় কামরার অন্দরে।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আরপিএফ-কে। তারাই দ্রুত পদক্ষেপ নেন। আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। আপাতভাবে টেপ দিয়ে মেরামত করা হয়েছে জানলার ভাঙা অংশও। উত্তর-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের কার্যালয় থেকে জানানো হয়েছে, আলিগড় জংশন ছাড়ার পর ট্রেনটিতে পাথর ছোড়া হয়। ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা বিষয়টি জানান। আগেও এমন একাধিক ঘটনায় স্থানীয় বাসিন্দা, পথচারী, বা মানসিক ভাবে অসুস্থ ব্যক্তিদের জড়িত থাকার নজির রয়েছে। অনেক ক্ষেত্রে নির্দিষ্ট কারণ ছাড়াই পাথর ছোড়ার ঘটনা ঘটে। অভিযুক্তদের শনাক্ত করতে তদন্ত চলছে। মেরামত করা হচ্ছে জানলার ভাঙা কাচ।