চেন্নাই, ২৯ নভেম্বর: ডিলিমিটেশন বিল নিয়ে বিরোধীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা, কিন্তু তাতেও মিলল না সাফল্য। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের অবস্থান বদলাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিরোধী নেতার প্রতিনিধি দল রবিবার চেন্নাইয়ে স্ট্যালিনের সঙ্গে বৈঠক করেন। কিন্তু কেন্দ্রের প্রস্তাবিত ডিলিমিটেশন বিল নিয়ে ডিএমকে-র অবস্থান বদলাতে পারল না বিরোধী শিবির।
চেন্নাইয়ে আলওয়ারপেটের বাসভবনে স্ট্যালিনের সঙ্গে বৈঠকে বসেন বিরোধী নেতারা। ডিএমকে-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের যুব শাখার সম্পাদক উদয়নিধি স্ট্যালিন, কানিমোঝি, দয়ানিধি মারান-সহ একাধিক সাংসদ ও শীর্ষ নেতা। এর ঠিক আগের দিনই ডিলিমিটেশন বিলকে সমর্থনের কথা জানিয়েছিল ডিএমকে। সেই সিদ্ধান্তে কংগ্রেসের সঙ্গে দলের মতপার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। বৈঠকে বিরোধী নেতারা স্ট্যালিনকে বোঝানোর চেষ্টা করেন, ডিলিমিটেশন দেশের সংসদীয় প্রতিনিধিত্বের কাঠামো এবং উত্তর ও দক্ষিণ ভারতের রাজ্যগুলির মধ্যে রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, স্ট্যালিন আগেই স্পষ্ট করে দিয়েছিলেন, তামিলনাড়ু এবং রাজ্যের মানুষের স্বার্থের প্রশ্নে কোনও আপস করবে না তাঁর দল। রাহুল গান্ধীর আবেদনের জবাবে সমাজমাধ্যমে স্ট্যালিন ইতিহাসের দুই পরিচিত চরিত্রের প্রসঙ্গ টেনে বলেন, ডিএমকে নিজেদের রাজনৈতিক সিদ্ধান্তে বরাবর তামিলনাড়ুর মানুষের কল্যাণকেই অগ্রাধিকার দিয়েছে। রাজ্যের অধিকার এবং স্বার্থ রক্ষার প্রশ্নে দল পিছিয়ে আসবে না বলেও জানান তিনি। স্ট্যালিনের কথায়, ‘এই পথে আমরা কোনও আপস করব না’।



