ডিলিমিটেশন ইস্যুতে কংগ্রেসের অস্বস্তি বাড়াচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কেন্দ্রের প্রস্তাবে সমর্থনের ইঙ্গিত
  • ২৯ নভেম্বর, ২০২৬ ১৮:০৪
Prefer us on Google

রাঁচি, ২৯ নভেম্বর: কেন্দ্রের প্রস্তাবিত ডিলিমিটেশন বা লোকসভা আসন পুনর্বিন্যাসকে ঘিরে বিরোধী শিবিরে ক্রমশ বাড়ছে মতপার্থক্য। একদিকে ডিএমকে-কে নিজেদের অবস্থান পুনর্বিবেচনার জন্য বোঝাতে চেন্নাইয়ে গিয়ছেন ইন্ডিয়া জোটের নেতারা, অন্যদিকে হেমন্ত সোরেনের জেএমএম কেন্দ্রের প্রস্তাবকে সমর্থন করতে পারে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে ডিলিমিটেশন ইস্যুতে বিরোধীদের ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলার কংগ্রেসের প্রচেষ্টা নতুন করে ধাক্কা খেতে পারে বলে মনে করা হচ্ছে। 

Advertisement

বিরোধী ইন্ডিয়া জোটের শরিক জেএমএম এখনো ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ বিল নিয়ে চূরান্ত সিদ্ধান্ত নেয়নি। শনিবার দলের তরফে জানানো হয়েছিল, প্রস্তাবিত বিল খতিয়ে দেখে এবং ঝাড়খণ্ডের উপর তার সম্ভাব্য প্রভাব বিচার করে আগামী এক-দু'দিনের মধ্যে অবস্থান স্পষ্ট করা হবে। তবে দল কেন্দ্রের প্রস্তাবে শেষ পর্যন্ত সমর্থন জানাতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। এই ইস্যুতে বিরোধী জোটের মধ্যে বিভাজন তৈরি হওয়ার আশঙ্কা আরও বাড়ছে। জেএমএম-এর মোট ছয়জন সাংসদ রয়েছেন। তাঁদের মধ্যে তিনজন লোকসভায় এবং বাকি তিনজন রাজ্যসভায়। ঝাড়খণ্ডে বর্তমানে লোকসভার আসন সংখ্যা ১৪। এর মধ্যে পাঁচটি আসন তফসিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত। কেন্দ্রের প্রস্তাব অনুযায়ী আসন সংখ্যা ৫০ শতাংশ বাড়ানো হলে ঝাড়খণ্ডে লোকসভার আসন বেড়ে ২১ হতে পারে। জেএমএম সূত্রে খবর, আসন পুনর্বিন্যাসের ফলে রাজ্যে এসটি সংরক্ষিত আসনের সংখ্যাও বাড়ার প্রত্যাশা করছে দল। ডিলিমিটেশন নিয়ে জেএমএম-এর এই সম্ভাব্য অবস্থান কংগ্রেসের কাছে নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। সম্প্রতি শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি-র একটি গোষ্ঠীও কেন্দ্রের ডিলিমিটেশন উদ্যোগে সমর্থনের কথা জানিয়েছে।