বিজেপিতে যোগ দিচ্ছেন সামি? উত্তরপ্রদেশ নির্বাচনে হতে পারেন প্রার্থীও! নীতীন নবীনের সঙ্গে বৈঠকের পরই জল্পনা তুঙ্গে
  • ২৯ নভেম্বর, ২০২৬ ১৭:৩৪
Prefer us on Google

নয়াদিল্লি, ২৯ নভেম্বর: বিজেপিতে যোগ দিতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ সামি! আজ, রবিবার দেশের রাজধানীতে দলের সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের সঙ্গে সাক্ষাতের পরই এই সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৩৬ বছরের এই ক্রিকেটার। এরপর এদিন নীতীন নবীনের দপ্তরে যান তিনি। দীর্ঘক্ষণ তাঁদের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়। সূত্রের খবর, এই সময় ঘরে উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি কুনওয়ার বাসিত আলিও। বৈঠক শেষে সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে যায়। অবসরের পর তাহলে কি মহম্মদ সামি বিজেপিতে যোগ দিতে চলেছেন? এমন আলোচনা শুরু হয় সর্বত্র। 

Advertisement

মাত্র কয়েকদিন আগেই ক্রিকেটার তথা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালও গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। সেই পথেই কি তাহলে হাঁটতে চলেছেন সামিও? এই প্রশ্নের সদুত্তর অবশ্য এখনও পর্যন্ত মেলেনি। সামি বা বিজেপির পক্ষ থেকে যোগদানের বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কোনোরকম বক্তব্যও সামনে আসেনি। তবে একাধিক রাজনৈতিক বিশেষজ্ঞরা সামির বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনাকেই সমর্থন করেছেন। কারণ আগামী বছরই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। ফলে ভূমিপুত্র হিসেবে আমরোহা থেকে তাঁকে বিজেপি প্রার্থী করা হতে পারে এমন সম্ভাবনার কথাও উঠে আসছে।  উল্লেখ্য, এর আগেও রাজনৈতিক নেতাদের সঙ্গে শামির সাক্ষাৎ ঘিরে জল্পনা দেখা দিয়েছিল। গত সেপ্টেম্বর মাসে আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরীর সঙ্গে দেখা করেছিলেন তিনি। তখনও অবশ্য উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে তাঁর রাজনৈতিক দলে যোগদানের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিল।