জেলে ওয়ার্ডেনের ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা
  • ২৯ নভেম্বর, ২০২৬ ১৪:৫২
Prefer us on Google

গুরগাঁও, ২৯ নভেম্বর: গুরগাঁওয়ের ভোন্ডসি জেলের কর্মীদের আবাসন থেকে উদ্ধার হল এক জেল ওয়ার্ডেনের ঝুলন্ত দেহ। মৃতের নাম লাল সিং (৫২)। হরিয়ানার সিরসা জেলার বাসিন্দা ছিলেন  তিনি। গত সাত বছর ধরে ভোন্ডসি জেলে ওয়ার্ডেন পদে কর্মরত ছিলেন লাল সিং। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ওই ওয়ার্ডেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

Advertisement

পুলিশ মারফত জানা গিয়েছে, জেলের ভিতরে থাকা একটি কোয়ার্টারে অন্য এক ওয়ার্ডেনের সঙ্গে থাকতেন লাল সিং। তিন দিন আগে ওই সহকর্মী ছুটিতে চলে যান। অপরদিকে, গত দুইদিন ধরে নিজেও কাজে যোগ দেননি লাল সিং। গতকাল সন্ধ্যায় ছুটি কাটিয়ে ওই সহকর্মী কোয়ার্টারে ফিরে আসেন। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি তিনি। এরপর জেলের অন্যান্য কর্মীদের খবর দেওয়া হলে দরজা ভেঙে ভিতরে ঢুকতেই লাল সিংকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভোন্ডসি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ইতিমধ্যেই। ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ।
জেল প্রশাসন মারফত আরও জানা গিয়েছে, কিছুদিন আগে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে লাল সিংয়ের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। সেই ঘটনার পর তাঁকে সক্রিয় ফিল্ড ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়। তবে এরপর থেকে তিনি নিয়মিতভাবে নিজের দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছেন জেল আধিকারিকরা। ঠিক কী কারণে মৃত্যু হয় তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি  খতিয়ে দেখছে তদন্তকারী দল।