লিডস: শুক্রবার লিডসে শুরু হচ্ছে পাঁচ টেস্টের জেমস অ্যান্ডারসন-শচীন তেন্ডুলকর সিরিজ। বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন অবসরের পর এই প্রথম মাঠে নামবে ভারতীয় দল। তাই কঠিন চ্যালেঞ্জের সামনে অধিনায়ক শুভমান গিল। তবে ইংল্যান্ডের কাছেও যে কাজটা খুব সহজ নয়, তা মেনে নিচ্ছেন দলের নেতা বেন স্টোকস। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তাঁর মন্তব্য, ‘ভারতে প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই। রয়েছে প্রচুর ম্যাচ উইনার। তাই সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হবে।’
ইংল্যান্ডের গরম সিম বোলারদের স্বর্গরাজ্য। কিন্তু এবার ভারতের ব্যাটিং লাইন-আপে অভিজ্ঞতার অভাব। তা সত্ত্বেও হাল্কাভাবে নিচ্ছে না ইংল্যান্ড। অধিনায়ক স্টোকসের মন্তব্য, ‘ব্যাট হাতে গোটা বিশ্বে দাপট দেখিয়েছে বিরাট-রোহিত। অফ স্পিনার অশ্বিন এক কথায় অসাধারণ। দলে তাঁদের অন্তর্ভুক্তি গুরুত্ব বাড়ায়। তবে এই ত্রয়ীর অনুপস্থিতিতেও ভারতীয় দল বেশ শক্তিশালী।’ পাশাপাশি বুমরাহ নিয়েও মন্তব্য করেছেন ব্রিটিশ অধিনায়ক। তিনি বলেন, ‘এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা পেসার ও। বুমবুমকে সামাল দেওয়া সত্যিই কঠিন। তবে আমরাও প্রস্তুত। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসীও।’