Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্টলের পেরেক ঢুকছিল পায়ে, বিষ্ণুপুরে মাঠ পরিষ্কারে যুবকরা

স্টলের পেরেক ঢুকছিল পায়ে, বিষ্ণুপুরে মাঠ পরিষ্কারে যুবকরা
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুর মেলা শেষ হয়েছে ১০দিন আগে। স্টল খোলার পর পেরেক পড়েই ছিল হাইস্কুলের মাঠে। খেলতে আসা শিশু, কিশোর ও যুবকদের পায়ে ঢুকছিল সেই পেরেক। তাই বৃহস্পতিবার দলবেঁধে মাঠে পড়ে থাকা পেরেক খুঁটিয়ে খুঁটিয়ে তুলে ফেললেন একদল যুবক। তাঁরা জানিয়েছেন, মাঠে প্রতিদিন ভোর থেকে নাগরিকরা হাঁটতে আসেন। সকাল ও বিকেলে শিশু থেকে কিশোর ও যুবকরা খেলাধুলো করে। মাঠে বেশ কয়েকটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও হয়। পায়েও পেরেক ফুটে প্রতিযোগীরাও জখম হতে পারে। সেই ভেবে বৃহস্পতিবার সকাল থেকেই তাঁরা মাঠের পেরেক খুঁজতে নেমে পড়েন। 
Advertisement
বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী বলেন, মেলার পর মাঠ পরিষ্কার করা হয়েছে। তবে মাটিতে পেরেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কি না, সে ব্যাপারে কোনও অভিযোগ পাইনি। 
এদিন সকালে হাইস্কুলের পিছনের মাঠে গিয়ে দেখা গেল, একদল যুবক ঝাড়ু হাতে মাঠে পড়ে থাকা শুকনো পাতা পরিষ্কার করছেন। অপর একটি দল সারিবদ্ধভাবে মাঠ চষে বেড়াচ্ছেন। পড়ে থাকা পেরেক একটি একটি করে সংগ্রহ করছেন। পরে তা নির্দিষ্ট জায়গায় ফেলছেন। তাঁদের মধ্যে বিজয় মাঝি বলেন, আমরা রোজ এই মাঠে সকাল বিকেল খেলি। মাঠে সবলা মেলার শতাধিক স্টল বসেছিল। মেলা শেষ হওয়ার পর প্রশাসনের তরফে মাঠ পরিষ্কার করা হয়েছে। কিন্তু, মাঠে প্রচুর পেরেক পড়ে রয়েছে। খেলতে গিয়ে তা জুতো ভেদ করে পায়ে ফুটছে। তাই এদিন তা কুড়িয়ে ফেলে 
দেওয়া হয়।
সম্পর্কিত সংবাদ