নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সচিবালয়ের বিভিন্ন দপ্তর থেকে ১২ জন কর্মী ও আধিকারিককে জেলাগুলিতে বিভিন্ন অফিসে ‘ডিটেলমেন্ট’ প্রক্রিয়ায় বদলি করার ঘটনায় প্রশাসনিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যাঁদের বদলি করা হয়েছে তাঁদের মধ্যে একজন সহসচিব, দুজন ওএসডি, চারজন সেকশন অফিসার, দুজন হেড অ্যাসিস্ট্যান্ট ও তিনজন আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট আছেন। এঁদের মধ্যে দুজন আধিকারিক নবান্নে অর্থদপ্তরের সচিবালয়ে ছিলেন। পশ্চিমাঞ্চল, দার্জিলিং পাহাড়, সুন্দরবন এলাকাসহ বিভিন্ন জেলার বিডিও এবং অন্যান্য সরকারি অফিসে তাঁদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার জন্য কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে। সরকারি সূত্রের খবর, এই কর্মী-আধিকারিকরা পূর্বতন সরকারের সময় প্রশাসনে ‘অতিসক্রিয় ভূমিকা’ পালন করেন।
রাজ্য সরকারি কর্মী সংগঠনের অন্যতম নেতা মনোজ চক্রবর্তী তাৎপর্যপূর্ণভাবে বলেছেন, সরকারি দপ্তরে কর্মীদের উপর ‘থ্রেট কালচার’ বন্ধ হবে বলে আশা করি। পূর্বতন সরকারের সময় কলকাতায় সচিবালয়ের অফিসগুলি থেকে ডিটেলমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে অনেক কর্মীকে জেলায় পাঠানো হয়েছিল। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওই বদলিগুলি হয় বলে সেইসময় অভিযোগ ওঠে। রাজ্যে বিজেপি সরকার আসার পর ওই বদলি হওয়া কর্মীদের অধিকাংশকেই ফের কলকাতায় ফিরিয়ে আনা হয়।



