Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সিতাই বিধানসভায় ৪২ কোটি ব্যয়ে পথশ্রী প্রকল্পে ১০০ কিমি রাস্তা

সিতাই বিধানসভায় ৪২ কোটি ব্যয়ে পথশ্রী প্রকল্পে ১০০ কিমি রাস্তা
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দিনহাটা: উপ নির্বাচন শেষ হয়েছে। বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। সামনে ছাব্বিশের বিধানসভা। সেই ভোটে জেতার লক্ষ্যে উন্নয়নকে হাতিয়ার করছে রাজ্যের শাসকদল। সিতাই বিধানসভায় ৪২ কোটি টাকা পেয়ে তৈরি হচ্ছে ৩৬টি রাস্তা। বিধানসভাজুড়ে মোট ১০০ কিমি এলাকায় নতুন রাস্তা তৈরি হবে। পুরনো রাস্তাও সংস্কার করা হবে ওই টাকায়। ৩৫টি গ্রামে পথশ্রী প্রকল্পের আওতায় নতুন বছর থেকেই শুরু হবে কাজ। এই বিধানসভার সিতাই ও দিনহাটা-১ ব্লকের ১২টি গ্রাম পঞ্চায়েতে রাস্তাগুলি নির্মাণ হবে। প্রয়োজন বুঝে বিটুমিনাস ও কংক্রিটের রাস্তা তৈরি করা হবে। 
Advertisement
সিতাই বরাবরই তৃণমূলের শক্তঘাঁটি। সদ্য উপ নির্বাচনে ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী সঙ্গীতা রায়। নির্বাচনের প্রচারে ১৭টি গ্রাম পঞ্চায়েতে চষে বেরিয়েছিলেন তৃণমূল নেতারা। প্রতিটি বুথের মানুষের সঙ্গে আলোচনা করেছিলেন তাঁরা। সাধারণ মানুষের সমস্যা কথা শুনেই উন্নয়নের প্রকল্পের খসড়া রিপোর্ট তৈরি হয়েছিল। একাধিক জায়গার মানুষ রাস্তার সমস্যার কথা জানিয়েছিল নেতাদের। 
ভোট মিটেছে, জয় এসেছে। এবারে কথা রাখার পালা। সেই অনুযায়ী গ্রাম পঞ্চায়েত ধরে ধরে তৈরি হয়েছে উন্নয়নের পরিকল্পনা। এই বিধানসভার ১২টি গ্রাম পঞ্চায়েতের ৩৫টি গ্রামে তৈরি হবে রাস্তাগুলি। ২৫টি নতুন রাস্তা তৈরি করা হবে। ১০টি রাস্তা সংস্কার করা হবে। সিতাই বিধানসভার বড় আঁটিয়াবাড়ি-১, ২, গীতালদহ-১ ,২, বড় শৌলমারি, পেটলা, ওকড়াবাড়ি, আদাবাড়ি, বি আর চাতরা, চামটা, সিতাই-১, ২ গ্রাম পঞ্চায়েতে তৈরি হবে রাস্তাগুলি। 
কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, নতুন বছরেই কাজ শুরু হবে পথশ্রী প্রকল্পের। প্রায় ৪২ কোটি টাকা ব্যয় করে ১০০ কিমি রাস্তা হবে সিতাই বিধানসভায়। শুধু ভোটে জেতাই নয়, মানুষের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। মানুষের দাবি মেনেই রাস্তাগুলি তৈরি করা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ