Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাদি খুনে অভিযুক্তদের এক সহযোগীকে শান্তিপুর থেকে গ্রেপ্তার করল এসটিএফ, মেঘালয় সীমান্ত টপকে ঢুকেছিল এদেশে

বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি খুনের ঘটনায় অভিযুক্তদের এক সহযোগীকে শান্তিপুর বাইপাস থেকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)

হাদি খুনে অভিযুক্তদের এক সহযোগীকে শান্তিপুর থেকে গ্রেপ্তার করল এসটিএফ, মেঘালয় সীমান্ত টপকে ঢুকেছিল এদেশে
  • ১৫ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি খুনের ঘটনায় অভিযুক্তদের এক সহযোগীকে শান্তিপুর বাইপাস থেকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। বাংলাদেশ পুলিশের তাড়া খেয়ে ফিলিপ সাংমা নামের ওই দালাল পালিয়ে ভারতে চলে এসেছিল। সে মেঘালয় দিয়ে এদেশে প্রবেশের পর বিভিন্ন জায়গা ঘুরে নদীয়ার শান্তিপুরে এসে উঠেছিল। এখান থেকেই তাকে পাকড়াও করে এসটিএফ। হাদি খুনে দুই অভিযুক্তকে এই দালালই সীমান্ত পার করতে সাহায্য করেছিল। সে ফের বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল বলে জানা গিয়েছে।

Advertisement

ফিলিপ জেরায় তদন্তকারীদের জানিয়েছে, হাদিকে খুনের ঘটনার পর দুই অভিযুক্ত ফয়সল ও আলমগীর তার সঙ্গে যোগাযোগ করে। ফিলিপ অনেকদিন ধরেই দালালির বিনিময়ে বাংলাদেশের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে মেঘালয়ের দালুপারায় লোক ঢোকানোর কাজ করত। সীমান্ত পার করা থেকে মেঘালয়ে থাকার ব্যবস্থা, গাড়ি ভাড়া সহ নকল ভারতীয় নথি তৈরির জন্য সে ১৫-২০ হাজার টাকা নিত। ফয়সল ও আলমগীরকে সে এভাবেই ভারতে ঢুকিয়েছিল। হাদি খুনে অভিযুক্ত দু’জনকে যে ফিলিপই ভারতে পাঠিয়েছে, তা জানতে পারে বাংলাদেশ পুলিশ। এরপর এই দালালের খোঁজে তল্লাশি শুরু হলে গ্রেপ্তারি এড়াতে ফিলিপ নিজেই মেঘালয়ে পালিয়ে আসে। সেখান থেকে বিভিন্ন জায়গা ঘুরে আসে শান্তিপুরে। এখানে বাড়ি ভাড়া নিয়ে সে থাকতে শুরু করেছিল। নদীয়ার সীমান্ত পেরিয়ে সে বাংলাদেশ ফিরে যাওয়ার চেষ্টা করছিল। ওই এলাকার এক দালাল মারফত এসটিএফ জানতে পারে, ফিলিপ নামের এক বাংলাদেশি দালাল সীমান্ত পেরনোর চেষ্টা করছে। তারপরই শনিবার তল্লাশি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা।

সম্পর্কিত সংবাদ