নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৫ বছর আগে স্টিফেন কোর্টে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৩ জনের মৃত্যু হয়। আইনি গেরোয়, বৃহস্পতিবার থমকে গেল সেই মামলার চার্জগঠনের শুনানি। এদিন নগর দায়রা আদালতে (বিচারভবন) চার্জগঠনের প্রথম শুনানি ছিল। সরকারি আইনজীবী গণেশ মাইতি বলেন, ছ’জন অভিযুক্তের মধ্যে চারজনের তরফে মামলা থেকে অব্যাহতির পিটিশন জমা পড়েছে। তাই এই মর্মে শুনানি হোক। সরকারি কৌঁসুলির দাবি, এই ব্যাপারে সংশ্লিষ্ট মক্কেলদের কোনও ভূমিকা নেই। তাই তাঁদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার প্রক্রিয়া চলতে পারে না। মামলা থেকে তাঁদের রেহাই দেওয়া হোক। এনিয়েই ওই শুনানি এদিন অসমাপ্ত থাকে। পরবর্তী শুনানি ২১ জানুয়ারি। সরকারি কৌঁসুলি বলেন, অভিযুক্ত পক্ষের বক্তব্য শেষ হলেই আমাদের বক্তব্য তুলে ধরব। এই মামলায় যথেষ্ট তথ্য‑প্রমাণ আছে। সেই মর্মে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিটও পেশ করা হয়েছে। ফলে তাঁদের বিরুদ্ধে আইনি চার্জগঠনসহ মামলা চালাতে কোনও সমস্যা থাকার কথা নয়। সরকার পক্ষ এদিন জানায়, মামলাটি পুরোনো। তাই দ্রুত চার্জগঠন করে শুনানি শুরু হওয়া দরকার। শুনানি কবে শুরু হবে, সেটাই আইনজীবীদের প্রশ্ন।



