নিজস্ব প্রতিনিধি, মালদহ: নয়া জিএসটি হার চালু হওয়ার পর উত্সবের মরশুমে রাজ্যের প্রায় ৩০০ কোটির রাজস্ব ক্ষতি হয়েছে। জিএসটি বাবদ কেন্দ্রের কাছে প্রায় দু’লক্ষ কোটি টাকা বকেয়া, তার উপর আরও ২০ হাজার কোটি টাকা কেন্দ্র কেটে নিয়েছে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার জনসভা থেকে জিএসটি নিয়ে বিজেপি সরকারের সমালোচনা করেন তিনি। বলেন, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের কাছ থেকে জিএসটি কাটা হত। বোঝা কমানোর কথা বলে গোদিবাবুরা বাহবা নিচ্ছেন। কিন্তু এর জন্য রাজ্য সরকারের কাছ থেকে কেটে নেওয়া হয়েছে ২০ হাজার কোটি টাকা। মমতা যোগ করেন, কেন্দ্রের টাকা ছাড়াই এরাজ্যে ৯৪ থেকে ৯৫টি প্রকল্প চালাচ্ছি। আমাদের এখন একটাই ট্যাক্স, জিএসটি। যার সব টাকা কেন্দ্র তুলে নিয়ে যায়। এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ ৮৭ হাজার কোটি টাকা পাই কেন্দ্রের কাছে। মুখ্যমন্ত্রী বলেন, শুনছি এরপর তামাকজাত পণ্যের টাকাও কেটে নেওয়া হবে। মোদি সরকারকে আক্রমণ করে তাঁর প্রশ্ন, বাকি কী আছে? সবই তো দখল করছেন। তবে দখল করুন গণতান্ত্রিকভাবে। জোর করে দখল করতে গেলে জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয়। জরুরি অবস্থা জারির চেষ্টা করলে দেশের মানুষ কিন্তু ক্ষমা করবে না, সেটা মনে রাখবেন।