নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি ২০২৫-২৬ বোরো-রবি মরশুমে চাষিদের কাছ থেকে ২ লক্ষ টন ধান কেনার নির্দেশিকা জারি করেছে খাদ্যদপ্তর। রাজ্য সরকারের নিজস্ব মজুত ভাণ্ডার বা স্টেট পুলের জন্য ১ জুন থেকে এই ধান কেনা হবে। প্রসঙ্গত, সরকারি উদ্যোগে ইতিমধ্যেই ৪৮ লক্ষ টনের কিছু বেশি পরিমাণ ধান ২৭ লক্ষের অধিক চাষির কাছ থেকে নভেম্বর থেকে মে মাসের মধ্যে কেনা হয়েছে। কেন্দ্রীয় সরকারের মজুত ভাণ্ডারের জন্য যে পরিমাণ ধান প্রয়োজন সেটা ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গিয়েছে। খাদ্যদপ্তর আরো জানিয়েছে, কেন্দ্রীয় ক্রয় কেন্দ্র (সিপিসি) থেকে শুধু নতুন করে ধান কেনা হবে। অস্থায়ী ক্রয় শিবির এখন হবে না। প্রতি সিপিসিতে প্রতিদিন ৩০ জন করে চাষি ধান বেচতে পারবেন। কৃষকবন্ধু প্রকল্পে নথিভুক্তরা জমির পরিমাণ ভিত্তিতে ধান বেচতে পারবেন ১৫ থেকে ৯০ কুইন্টাল পর্যন্ত। অনথিভুক্ত চাষিরা বিডিওর অনুমোদনসাপেক্ষে ১০ কুইন্টাল পর্যন্ত ধান বেচতে পারবেন। উল্লেখ্য, নতুন আমন ধান ওঠার পর ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত চাষিরা বেশি পরিমাণে ধান সরকারের কাছে বিক্রি করেন। এপ্রিল -মে মাসে নতুন বোরো ধান ওঠার পর দ্বিতীয় দফায় ধান বিক্রি শুরু হয়। ১২টি জেলা থেকে এই পর্যায়ে কত পরিমাণ ধান কেনা হবে সেটাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের কোটা সর্বোচ্চ ৩০ হাজার কুইন্টাল নির্দিষ্ট করা হয়েছে।



