নিজস্ব প্রতিনিধি, বরানগর: নাগেরবাজারে বসে ফ্রান্স, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পর্তুগালের মতো নানা দেশে আর্থিক প্রতারণা চালানো হচ্ছিল। শুধু বিদেশে নয়, কলসেন্টারের আড়ালে দেশেও ছড়িয়ে দেওয়া হয়েছিল প্রতারণা চক্রের জাল। গত বৃহস্পতিবার নাগেরবাজার থানার ৪১, দেবী নিবাস রোডে অভিযান চালিয়ে ভুয়ো কলসেন্টারের পর্দা ফাঁস করেছিল রাজ্য সাইবার ক্রাইম শাখা ও নাগেরবাজার থানা। রবিবার রাতে ওই কলসেন্টারের অভিযুক্ত তিন পান্ডা পূর্ব সিঁথি মোড়ের ফকির ঘোষ লেনের বাসিন্দা তন্ময় বসু, বাঁকুড়া কোতুলপুরের বিশ্বরূপ নায়েক ও মুর্শিদাবাদের বেলডাঙার মহম্মদ আমজাদকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা মাইক্রোসফট ও নামকরা ট্রেডিং প্ল্যাটফর্মের নাম নিয়ে দেশ ও বিদেশের বিভিন্ন নাগরিককে ফোন করত। বিভিন্ন ওয়েবসাইট থেকে তারা নাগরিকদের যাবতীয় তথ্য সংগ্রহ করত। কলসেন্টারে বিভিন্ন দেশের ভাষায় দক্ষ ছেলেমেয়েদের রাখা হয়েছিল।



