নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) দিতে কিছুটা সময় লাগবে বলে হাইকোর্টে জানিয়েছে রাজ্য সরকার। শিক্ষকদের একাধিক সংগঠনের দায়ের করা এই মামলায় রাজ্যের বক্তব্যের প্রেক্ষিতে ২৭ নভেম্বরের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব করেছেন বিচারপতি অমৃতা সিনহা। সুপ্রিম কোর্ট সমস্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে নির্দেশ দিলেও সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থার কর্মীদের এই বাবদ প্রাপ্য এখনো মেটায়নি রাজ্য। এই বিষয়েই হাইকোর্টের দ্বারস্থ হয় একাধিক সংগঠন। রাজ্যের তরফে আইনজীবী আদালতে জানান, সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থার কর্মীদের বকেয়া ডিএ দেওয়া হবে। তবে এই মুহূর্তে কোষাগারে পর্যাপ্ত রাজস্ব না-থাকায় একটু দেরি হচ্ছে।



