সংবাদদাতা, তপন: জলের দাবিতে তপন ব্লকের ধাইনগরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন শতাধিক মহিলা। রবিবার সতীপুকুর, সেহাস এবং ধাইনগর গ্রামের বাসিন্দারা তপন-বালুরঘাট ভায়া লস্করহাট রাজ্য সড়কে চার ঘণ্টা ধরে বালতি হাতে বিক্ষোভ দেখান।
সংবাদদাতা, তপন: জলের দাবিতে তপন ব্লকের ধাইনগরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন শতাধিক মহিলা। রবিবার সতীপুকুর, সেহাস এবং ধাইনগর গ্রামের বাসিন্দারা তপন-বালুরঘাট ভায়া লস্করহাট রাজ্য সড়কে চার ঘণ্টা ধরে বালতি হাতে বিক্ষোভ দেখান।
তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামের নলকূপগুলি বিকল। প্রশাসন তা সারানোর কোনও উদ্যোগ নিচ্ছে না। অন্যদিকে, বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের কাজ এখনও বাস্তবায়িত হয়নি। এতদিন পিএইচই’র একটি ট্যাপের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছিল। কিন্তু কিছু কাজের জন্য সেটিও বন্ধ রয়েছে। ফলে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। দূরদূরান্ত থেকে জল সংগ্রহ করতে গিয়ে চরম দুর্ভোগের মুখে পড়ছেন গ্রামবাসীরা।
জলের দাবিতে এদিন মহিলারা রাজ্য সড়কে বিক্ষোভ দেখান। মহিলাদের সঙ্গে অবরোধে অংশ নেন পুরুষরাও। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন তপন থানার পুলিস ও ব্লক প্রশাসনের কর্মকর্তারা। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমাধানের আশ্বাস দিলে প্রায় চার ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। ব্লক প্রশাসনের পক্ষ থেকে আপাতত দুটি ট্যাঙ্কারের মাধ্যমে গ্রামে জল সরবরাহ করা হয়। তবে, গ্রামবাসীরা স্থায়ী সমাধানের দাবিতে অনড়। প্রশাসন দ্রুত নলকূপ মেরামত ও বিকল্প পানীয় জলের ব্যবস্থা করবে বলে আশ্বাস দিয়েছে। এবিষয়ে সতীপুকুরের বাসিন্দা লক্ষ্মী মার্ডি ও অঞ্জলি ওরাওঁ বলেন, দীর্ঘদিন ধরে আমাদের গ্রামে পানীয় জলের কোনও ব্যবস্থা নেই। বারবার বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েও কোনও সুরাহা হয়নি। প্রতিবাদে আজ বিক্ষোভে নেমেছি। ১৫ দিনের মধ্যে স্থায়ী কোনও সমাধান না হলে আমরা আবার পথ অবরোধ করব। এবিষয়ে তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন বলেন, পনেরো দিনের মধ্যে একটি সাব মার্সিবল বসানো হবে ওই গ্রামে। আপাতত এই কয়েকদিন ট্যাঙ্কারে জল পাঠানো হবে। নিজস্ব চিত্র