Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পরিচারিকাকে শ্লীলতাহানি, গ্রেপ্তার অভিযুক্ত বিজেপি নেতা

এক পরিচারিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হলেন বিজেপির এক দাপুটে যুব নেতা। ধৃতের নাম অরূপ মণ্ডল।

পরিচারিকাকে শ্লীলতাহানি, গ্রেপ্তার অভিযুক্ত বিজেপি নেতা
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:১৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: এক পরিচারিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হলেন বিজেপির এক দাপুটে যুব নেতা। ধৃতের নাম অরূপ মণ্ডল। তিনি বোলপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি পদে রয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া থানা এলাকায়। ওই পরিচারিকার দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতেই বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুব মোর্চা নেতার বাড়িতে কাজ করতেন ওই পরিচারিকা। অভিযোগ, কাজের সুযোগ নিয়েই ওই নেতা তাঁর শ্লীলতাহানি করেন। এই ঘটনার পর ওই মহিলা আর চুপ করে থাকেননি। তিনি সোজা সাঁইথিয়া থানার দ্বারস্থ হন এবং অভিযুক্ত নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। এরপর অভিযুক্ত অরূপ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃত বিজেপি নেতাকে আজ, শুক্রবার সিউড়ি আদালতে পেশ করা হবে। এদিকে, নারী নিরাপত্তার প্রশ্নে রাজ্য রাজনীতি তোলপাড়। তখন খোদ বিজেপি নেতার বিরুদ্ধে তাঁরই পরিচারিকাকে শ্লীলতাহানির মতো মারাত্মক অভিযোগ উঠল। এই ঘটনায় জেলার রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ