Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

দরজা ভেঙে গভীর রাতে টুলু মণ্ডলের ম্যানেজারের বাড়িতে পুলিশের তল্লাশি অভিযান, চাঞ্চল্য এলাকায়

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের সিন্ডিকেটের শিকড়ের খোঁজে তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে ঘনিষ্ঠদের নাম। এবার টুলু মণ্ডলের এক ম্যানেজারের বাড়িতে আচমকা হানা দিল বীরভূম জেলা পুলিশের বিশেষ দল।

দরজা ভেঙে গভীর রাতে টুলু মণ্ডলের ম্যানেজারের বাড়িতে পুলিশের তল্লাশি অভিযান, চাঞ্চল্য এলাকায়
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের সিন্ডিকেটের শিকড়ের খোঁজে তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে ঘনিষ্ঠদের নাম। এবার টুলু মণ্ডলের এক ম্যানেজারের বাড়িতে আচমকা হানা দিল বীরভূম জেলা পুলিশের বিশেষ দল। বৃহস্পতিবার গভীর রাতে বীরভূমের সিউড়ির ১৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন লম্বোদরপুর এলাকায় এই অভিযানকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সেই এখনও অভিযান চলছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লম্বোদরপুর এলাকার ওই বাড়িটি ছোটন বসাক নামে এক ব্যক্তির। তিনি টুলু মণ্ডলের অন্যতম ম্যানেজার হিসেবেই এলাকায় পরিচিত। বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের একটি বড় দল আচমকাই ওই বাড়িটিতে হানা দেয়। জানা যায়, সেসময় বাড়ির সদর দরজায় বন্ধ ছিল। পুলিশ সেই দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর শুক্রবার ভোর থেকে ওই বাড়িতে জোরদার তল্লাশি অভিযান শুরু করেন তদন্তকারী আধিকারিকরা।

স্থানীয় এক বাসিন্দার কথায়, 'গভীর রাতে হঠাৎ প্রচুর পুলিশ এসে বাড়িটি ঘিরে ফেলে। তারপর তালা ভেঙে তারা ভেতরে ঢোকে। কী কারণে এই তল্লাশি, তা আমরা বুঝতে পারছি না।'

ওয়াকিবহাল মহলের অনুমান, টুলু মণ্ডলের বিশাল বেআইনি কারবার, চেকগেটের দুর্নীতি এবং কালো টাকার উৎস খুঁজতেই তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ এই ম্যানেজারের ডেরায় হানা দিয়েছে পুলিশ। পুলিশ বাড়িটি থেকে কী কী গুরুত্বপূর্ণ নথি বা সামগ্রী উদ্ধার করেছে, তা এখনও স্পষ্ট করেনি। এনিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

গত সোমবারও বোলপুরের মহিদাপুরে টুলু মন্ডলের শ্যালক শেখ শান্তর বাড়িতে চলে পুলিশের তল্লাশি অভিযান। অন্যদিকে পাড়ুইয়ে টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতেও একই সঙ্গে তল্লাশি চালিয়েছে জেলা পুলিশ ও এসটিএফের একটি দল। মহিদাপুরে বাড়ি থেকে উদ্ধার হয় একাধিক বিদেশি মুদ্রা। কোথা থেকে ওই টাকা এল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং কেন এত নগদ টাকা ও বিদেশি মুদ্রা রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ