শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: জেলার থানাগুলিতে নেই পর্যাপ্ত গাড়ি ও বাইক। সিংহভাগ থানায় কাজ চলছে একটিমাত্র গাড়ি নিয়ে। বহু ব্যবহারে লজঝড়ে হয়ে যাওয়া সেই গাড়ি কোনও কারণে খারাপ হয়ে গেলে পরিস্থিতি আরও সঙ্গীন হয়। কোনও ঘটনা ঘটলে বা জরুরি ভিত্তিতে কোথাও দ্রুত পৌঁছনোর দরকার হলে তখন ভাড়ার গাড়িই একমাত্র ভরসা। ঘটনাস্থলে পুলিস দেরিতে পৌঁছেছে—এমন অভিযোগ শোনা যায় আকছার। অনেক ক্ষেত্রে তার পিছনে থাকে এমনই কারণ। শুধু তাই নয়, থানাগুলিতে পর্যাপ্ত সংখ্যায় বাইক না থাকায় নিয়মিত পেট্রলিং বা নারী সুরক্ষায় বাইক নিয়ে টহলদারিও চালানো যাচ্ছে না। এই পরিস্থিতি মোকাবিলা করতে বাইক ও গাড়ি কেনার জন্য নবান্নের কাছে অর্থ চাইল রাজ্য পুলিস।
প্রতিটি থানা এলাকায় বিক্ষোভ, মিছিল বা আইনশৃঙ্খলা সংক্রান্ত ডিউটির চাপ বাড়ছে। ছোটখাটো ঘটনা-দুর্ঘটনা লেগেই রয়েছে। এসব ক্ষেত্রে দ্রুত ঘটনাস্থলে পৌঁছনো জরুরি। পুলিসের পৌঁছতে দেরি হলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এর সঙ্গে যুক্ত হয়েছে নারী সুরক্ষার বিষয়টিও। জেলার শীর্ষকর্তাদের নির্দেশ, নারী নিরাপত্তায় যেন সামান্যতম ফাঁকও না থাকে। কিন্তু এতগুলি কাজ নিয়ম মেনে করার জন্য যত গাড়ি ও মোটরবাইক দরকার, সিংহভাগ থানাতেই তা নেই। রাজ্য পুলিস সূত্রে জানা গিয়েছে, থানার ওসি’র গাড়ি বাদ দিলে টহলদারি, অভিযুক্তদের ধরে আনা, তাদের আদালতে পাঠানো ইত্যাদি কাজের জন্য দু’টি গাড়ি থাকে। জেলা পুলিসের এক-একটি থানার এলাকা বিশাল। ফলে দু’টি গাড়ি দিয়ে সম্পূর্ণ এলাকায় সঠিক নজরদারি চালানো সম্ভব হয় না। নারী নিরাপত্তায় বাইক নিয়ে নজরদারির ক্ষেত্রেও ফাঁক থেকে যাচ্ছে এই কারণে। পর্যাপ্ত গাড়ি না থাকায় ঘটনাস্থলে পৌঁছতে দেরি হচ্ছে। প্রশ্নের মুখে পড়তে হচ্ছে পুলিসকে। তাই প্রশাসনের কর্তারা চাইছেন, কলকাতা পুলিসের মতো রাজ্য পুলিসের ‘রেসপন্স টাইম’ বেঁধে দেওয়া হোক। অর্থাৎ, পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পুলিসের গাড়ি নিয়ে পৌঁছতে হবে। তাছাড়া, এলাকায় চোখে পড়ার মতো পুলিসের উপস্থিতির জন্যও দরকার পর্যাপ্ত গাড়ি। সেই সঙ্গে পরিকাঠামোর উন্নতি দরকার। তাই ২০০টি বাইক কিনতে চায় রাজ্য পুলিস। সেই সঙ্গে ১০০টি গাড়ি কেনার সিদ্ধান্ত হয়েছে। এর জন্য প্রয়োজনীয় টাকা পুলিসের নেই। তাই তিন কোটি টাকা চাওয়া হয়েছে নবান্নের কাছে। এই টাকা পাওয়ার জন্য বিভিন্ন মহলে ইতিমধ্যে তৎপরতা শুরু হয়েছে বলে খবর। পুলিসকর্তাদের আশা, এই উদ্যোগে দ্রুত সবুজ সঙ্কেত দেবে নবান্ন।