নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও আরামবাগ: এপ্রিল মাসের শেষপর্বে শিলাবৃষ্টিতে হুগলি জেলার ৪০টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এছাড়া খানাকুলে বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন কৃষকরা। সদ্য ঘটে যাওয়া সেই দুই বিপর্যয়ের ক্ষতিপূরণ বাবদ হুগলি জেলাকে ৬৪ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। মঙ্গলবারই সেই টাকা পেয়েছে হুগলি জেলা প্রশাসন। ইতিমধ্যেই টাকা দিয়ে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মদনমোহন কোলে বলেন, আমাদের সরকার কৃষকবান্ধব সরকার। সেই কারণেই অতিদ্রুত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ এবং টাকা দু’টিই সরকার দিয়ে দিয়েছে। মঙ্গলবারই আমরা ৬৪ কোটি টাকা পেয়েছি। টাকা মিলতেই ক্ষতিগ্রস্তদের কাছে তা পাঠানোও শুরু হয়েছে। জেলা কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে শিলাবৃষ্টিতে সব্জি ও ধানচাষের ব্যাপক ক্ষতি হয়েছিল। খানাকুলে বাঁধ ভেঙে ক্ষতি হয়েছিল আলুর। মূলত ক্ষতির তালিকায় ছিল তারকেশ্বর, ধনেখালি, হরিপাল, পোলবা-দাদপুর, চণ্ডীতলা-১, পুরশুড়া ও খানাকুল-২ ব্লক। ওই ব্লকগুলির ৪০টি পঞ্চায়েত এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছিল। সরকারি হিসেবে প্রায় ৪৪ হাজার ৩৬৮ জন ক্ষতিগ্রস্তের তালিকা তৈরি করা হয়েছিল। তবে সরকারি সূত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্তদের সংখ্যা আরও একটু বাড়তে পারে। আপাতত, প্রথম তালিকায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষতিপূরণের টাকা দেওয়ার কাজ শুরু করা হচ্ছে। অত্যন্ত দ্রুত টাকা পেয়ে যাওয়ায় কৃষক মহল্লায় সাড়া পড়ে গিয়েছে। পোলবার কৃষক গোবিন্দ কোলে বলেন, সদ্যই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষয়ক্ষতি হয়েছিল। এত দ্রুত ক্ষতিপূরণ চলে আসবে, তা ভাবতেই পারিনি। সরকারি উদ্যোগেকে ধন্যবাদ জানাতেই হবে।



