সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুরের বাইপাসে শপিংমলের আদলে সরকারি উদ্যোগে অত্যাধুনিক মার্কেটিং হাব তৈরি হবে। শহরের ভগৎ সিং মোড় থেকে জয়পুর যাওয়ার রাস্তার ধারে পুরনো প্রস্তাবিত বাসস্ট্যান্ডের জায়গায় হাব তৈরি হবে। তাতে স্বনির্ভর গোষ্ঠী ও হস্তশিল্পীদের জন্য যেমন বহু স্টল তৈরি হবে, তেমনই মাল্টিপ্লেক্স থেকে শুরু করে খাবারের দোকান, খুচরো পণ্যের শোরুম, রেস্টুরেন্ট, হাইপার মার্কেট, ব্যাঙ্ক, এটিএম, অফিস তৈরি করা যাবে। অর্থাৎ আধুনিক মানের শপিং মলের আদলে ওই হাব গড়ে তোলা হবে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের ক্ষুদ্র শিল্প দপ্তরের উদ্যোগে রাজ্যের ১৪টি জেলায় মোট ১৫টি করে মার্কেটিং হাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে বিষ্ণুপুরে একটি রয়েছে। পিপিপি মডেলে হাব চলবে। যাবতীয় পরিকাঠামো সরকার তৈরি করে দেবে। বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ বলেন, স্বনির্ভর গোষ্ঠী ও হস্তশিল্পীদের উন্নয়নে আমাদের মুখ্যমন্ত্রী সব সময় সচেষ্ট থাকেন। রাজ্যে ১৫টি মার্কেটিং হাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে বিষ্ণুপুরেও একটি তৈরির প্রস্তাব মন্ত্রী ইন্দ্রনীল সেনকে দিয়েছিলাম। মুখ্যমন্ত্রী কথা রেখেছেন। তার জন্য বিষ্ণুপুরবাসী হিসেবে আমি কৃতজ্ঞ। ইতিমধ্যে হাবের জন্য এক একর জায়গা চিহ্নিত করা হয়েছে। জেলাশাসক সহ প্রশাসনের আধিকারিকরা শীঘ্রই পরিদর্শনে আসবেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইলস দপ্তরের উদ্যোগে মেদিনীপুর, ঝাড়গ্রাম, জলপাইগুড়ির কোতোয়ালি এবং রাজগঞ্জ, বহরমপুর, কোচবিহারের কোতোয়ালি, হাওড়ার উলবেড়িয়া, উত্তর দিনাজপুরের রাইগঞ্জ, দার্জিলিংয়ের মাটিগাড়া, পুরুলিয়ার রঘুনাথপুর, বীরভূমের বোলপুর, হুগলির ভদ্রেশ্বর, কালিম্পং, বাঁকুড়ার বিষ্ণুপুর এবং পূর্ব মেদিনীপুরের রামনগরে মার্কেটিং হাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার এবং বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে হাব চলবে। ইতিমধ্যে ওই প্রকল্পে অংশগ্রহণের জন্য বেসরকারি সংস্থাকে আবেদন করার জন্য বলা হয়েছে।
প্রশাসনের এক আধিকারিক বলেন, বিষ্ণুপুরে এর আগেও হস্তশিল্পীদের জন্য গ্রামীণ হাট তৈরি করা হয়। সেখানে বহু স্টল রয়েছে। শিল্পীদের তা বিলিও করা হয়েছিল। কিছুদিন স্টলে তাঁরা বসেওছিলেন। কিন্তু, মার্কেট না জমায় ধীরে ধীরে ঝাঁপ বন্ধ হয়ে যায়। তার কারণ সেখানে শিল্পীদের তৈরি সামগ্রী ছাড়া আর কিছু কেনার সুবিধা ছিল না। রাজ্যের অন্যান্য জায়গাতেও একই ছবি দেখা গিয়েছে। তবে এবারের যে প্রকল্পটি তৈরি করা হবে, সেটি আধুনিক মানের শপিং মলের আদলে গড়ে তোলা হবে। সেখানে স্বনির্ভর গোষ্ঠী ও হস্তশিল্পীদের সামগ্রী থেকে শুরু করে মাল্টিপ্লেক্স, ফুড কোট, খুচরো জিনিসের স্টল, ব্যাঙ্ক, এটিএম সহ অন্যান্য অফিস থাকবে। তাতে বাজার জমার সম্ভাবনা রয়েছে। সেই দিকটি লক্ষ্য রেখেই রাজ্য সরকার বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে নতুন ওই মার্কেটিং হাব গঠনে উদ্যোগী হয়েছে। -ফাইল চিত্র