Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

৩টি গুরুত্বপূর্ণ স্থানে বসছে অত্যাধুনিক সিসি ক্যামেরা

চুরি এবং অসামাজিক কাজকর্ম বন্ধের উদ্দেশ্যে বিষ্ণুপুরের গুরুত্বপূর্ণ তিনটি জায়গায় অত্যাধুনিক সিসি ক্যামেরা বসানো হচ্ছে।

৩টি গুরুত্বপূর্ণ স্থানে বসছে অত্যাধুনিক সিসি ক্যামেরা
  • ৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: চুরি এবং অসামাজিক কাজকর্ম বন্ধের উদ্দেশ্যে বিষ্ণুপুরের গুরুত্বপূর্ণ তিনটি জায়গায় অত্যাধুনিক সিসি ক্যামেরা বসানো হচ্ছে। বুধবার বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস এবং বিষ্ণুপুর থানার আইসি অতনু সাঁতরা পরিদর্শন করে জায়গা তিনটি চিহ্নিত করেন। এদিনই পিলার বসানোর কাজ শুরু হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ঐতিহাসিক লালবাঁধ, পোড়ামাটির হাট এবং রসিগঞ্জে বাস টার্মিনাসে সিসি ক্যামেরা বসছে। লালবাঁধ এবং পোড়ামাটির হাট পর্যটনস্থল। বহু পর্যটক বাইরে থেকে আসেন। বাস টার্মিনাস একটি জনবহুল জায়গা। তাই এই তিনটি জায়গাই বেছে নেওয়া হয়েছে। ক্যামেরাগুলিতে ৩৬০ ডিগ্রি অর্থাৎ চারদিকের ছবি বন্দি হবে। ওই ক্যামেরার ছবি জুম করলে মাটির ঘাসের ভেতরে পড়ে থাকা আলপিনের ছবিও ধরা পড়বে। মনিটর থাকবে বিষ্ণুপুর থানায়। সেখান থেকে পর্যবেক্ষণ করা হবে। বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বলেন, শহরের বিভিন্ন রাস্তা ও মোড়ে দু’শোর বেশি সিসি ক্যামেরা বসানো রয়েছে। তার সাহায্যে একাধিক চুরির ঘটনা সহজেই কিনারা করা সম্ভব হয়েছে। অনেক ক্ষেত্রে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে চুরি ঠেকানোও গিয়েছে। 

Advertisement

লালবাঁধে এর আগে জলে ডুবে একাধিক জনের মৃত্যু হয়েছে। এছাড়াও রাতে অসামাজিক কাজেরও অভিযোগ আসছে। যার জেরে জেলা পুলিসের পক্ষ থেকে বিষ্ণুপুরের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাটো করা হচ্ছে। বিষ্ণুপুরের বাসিন্দা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, শহরের বিভিন্ন রাস্তা এবং মোড়ে সাধারণ সিসি ক্যামেরা রয়েছে। কিন্তু আজকাল দুষ্কৃতীরাও সিসি ক্যামেরা থেকে সাবধান হয়ে যায়। তারা সচেতনভাবেই ক্যামেরার পিছনের দিকে অসামাজিক কাজ করার চেষ্টা করে। কিন্তু পিটিজেড ক্যামেরা চারদিকের ছবি তুলতে সক্ষম হওয়ায় তা খুবই কাজে আসবে। পুলিসের ওই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ