নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মালদহ এবং মুর্শিদাবাদের বিভিন্ন নার্সিং কলেজ ও স্কুল পরিদর্শন করবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। বুধবার এমনই জানা গিয়েছে স্বাস্থ্যদপ্তর সূত্রে। মুর্শিদাবাদের বহরমপুরের নার্সিং স্কুলের পরিকাঠামো নিয়ে নানা অভিযোগ উঠেছে। পরিদর্শনকালে সেসব বিষয় সরেজমিনে খতিয়ে দেখবেন তিনি। মন্ত্রী এদিন বলেন, দুই জেলার নার্সিং এবং স্বাস্থ্য পরিকাঠামোর বাস্তব অবস্থা দেখার পরিকল্পনা রয়েছে। মুর্শিদবাদের নার্সিং স্কুল নিয়ে যেসব অভিযোগ উঠেছে, তাও খতিয়ে দেখা হবে। ইতিমধ্যেই দপ্তরকে বিষয়গুলি দেখতে বলেছি।
এদিকে সংশ্লিষ্ট নার্সিং স্কুল সম্পর্কে ছাত্রী ও টিউটরদের একাংশের অভিযোগ প্রসঙ্গে এখানকার অধ্যক্ষ বলাকা ভট্টাচার্য বুধবার বলেন, এখানে সাপের উৎপাত সম্পর্কে অভিযোগ আংশিক সত্য। আংশিক কারণ, জুলাই মাসে এমন ঘটনা ঘটেছে। তারপর কিন্তু অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। ছাত্রীদের গাড়ির বেহাল দশার অভিযোগ সত্য। নতুন গাড়ি দরকার। বিষয়টি দপ্তরে জানানো হয়েছে। একদিন আমিই যেতে গিয়ে দেখি স্টার্ট বন্ধ হয়ে গিয়েছে। ঠেলে চালু করতে হয়েছে। বলাকাদেবী জানান, তবে থ্রেট কালচারের অভিযোগ সর্বৈব মিথ্যা। মেসের ছাত্রীরা ১৪০০ নয়, ১২০০ টাকা দেয়। তবে ছাত্রীদের খাবারের টাকায় পদাধিকারীদের বাজারের অভিযোগ মিথ্যা ও মর্যাদাহানিকর। হ্যাঁ, এটা ঘটনা যে এখানকার বাড়িগুলিরও সংস্কার প্রয়োজন, সেটা ঘটনা। ইতিমধ্যেই বলা হয়েছে। আর টিউটরদের চাইল্ড কেয়ার লিভ সংক্রান্ত কমিটি আছে। তারাই সিদ্ধান্ত নেয়। সবাই ছুটি দিলে নার্সিং স্কুল চলবে?