নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের জন্য জরুরি প্রয়োজনে ব্যাংক বা অন্য আর্থিক সংস্থা থেকে ঋণ পাওয়ার ব্যবস্থা করার জন্য প্রকল্প চালু করতে চাইছে সরকার। কিন্তু এই ঋণ দেওয়ার ব্যাপারে রাজ্য সরকার গ্যারান্টার থাকবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। ঋণের কোনো আর্থিক দায় বা দায়িত্ব নেওয়া হবে না।
প্রকল্পটি চালু করার জন্য ইতিমধ্যেই রাজ্য অর্থদপ্তর ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ বা আগ্রহপত্র আহ্বান করেছিল। প্রকল্পে অংশ নিতে আগ্রহী ব্যাংক ও আর্থিক সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে সম্প্রতি নবান্নে বৈঠক হয়েছে অর্থদপ্তরের। আগ্রহী সংস্থাগুলির তরফে প্রকল্পটি নিয়ে সরকারের কাছ থেকে বেশকিছু বিষয়ে ব্যাখা চাওয়া হয়। তার মধ্যে ঋণের ব্যাপারে রাজ্য সরকার গ্যারান্টার থাকবে কি না সেটাও ছিল। অর্থদপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে, প্রকল্পটির কোনো আর্থিক দায় বা দায়িত্ব (জিরো কস্ট অ্যান্ড জিরো লায়বিলিটি) রাজ্য নেবে না। রাজ্য সরকারের দায়িত্ব হবে শুধু ঋণ পরিশোধের টাকা কর্মীর বেতন থেকে সংগ্রহ করে তা সংশ্লিষ্ট সংস্থাকে পৌঁছে দেওয়া।
ঋণ গ্রহণের পর কোনো কর্মী সাসপেন্ড হলে বা তাঁর চাকরি চলে গেলে কী হবে, তাও জানতে চাওয়া হয়েছে। সেক্ষেত্রে ঋণের টাকা কীভাবে পরিশোধ হবে, সেটা জানতে চাইছে ঋণদাতা সংস্থাগুলি। অর্থদপ্তর থেকে জানানো হয়েছে, কোনো কর্মী সাসপেন্ড হলে দায়িত্বপ্রাপ্ত ডিডিও (ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার) ঋণদাতা সংস্থাকে জানিয়ে দেবেন। ঋণ পরিশোধ করার জন্য ইএমআই সেক্ষেত্রে পরিবর্তিত হতে পারে। তবে শেষপর্যন্ত টাকা অনাদায়ী থাকলে তা আদায় করার দায়িত্ব যে সংশ্লিষ্ট সংস্থার উপরেই বর্তাবে তাও জানিয়ে দেওয়া হয়েছে। সাসপেন্ড ছাড়া অন্যকোনো কারণে চাকরিতে ছেদ হলে বকেয়া ঋণের টাকা ফেরত নেওয়ার দায়িত্ব ঋণদাতা সংস্থার। এই ধরনের পরিস্থিতি তৈরি হলে দায়িত্বপ্রাপ্ত ডিডিও তা ঋণদাতা সংস্থার নজরে আনবেন বলে জানানো হয়েছে।
রাজ্য সরকার যে প্রকল্পটি চালু করতে চাইছে তাতে কর্মীদের স্বল্প ও দীর্ঘ মেয়াদি ঋণ দেওয়ার ব্যবস্থা থাকছে। স্বল্প মেয়াদি ঋণের ক্ষেত্রে কোনো সুদ দিতে হবে না বলে জানানো হয়েছে। তবে দিতে হবে ১ শতাংশ হারে প্রসেসিং ফি। স্বল্প মেয়াদি ঋণের টাকা পরবর্তী মাসের মধ্যে পরিশোধ করতে হবে বলে অর্থদপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রকল্পটিতে অংশ নিতে আগ্রহীরা এই ব্যবস্থার সংশোধন চাইছেন। কারণ ব্যাংকিং আইন এবং রিজার্ভ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী এটা করা যায় না। ঋণ বাবদ যে টাকা দেওয়া হয় তা ফেরত নেওয়ার সময় বাণিজ্যিকভাবে তাদের লাভ করতে হবে। রাজ্য অর্থদপ্তরের তরফে এই ব্যাপারেও কোনো আশ্বাস দেয়নি। রাজ্য সরকারের নিয়ম অনু্যায়ীই ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।



