


সংবাদদাতা, কাঁথি: জল্পনার অবসান। শেষ পর্যন্ত তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার। সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে। নিয়ম অনুযায়ী কাঁথির মহকুমাশাসক প্রতীক অশোক ধুমোলকে এই পদে বসাল সরকার।
কাঁথি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিজের শহর। একসময় এই পুরসভার কাউন্সিলারও ছিলেন তিনি। সেখান থেকে রাজ্য রাজনীতিতে ক্রমশ উত্থান। তিনি বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী।
সর্বশেষ পুরভোটে কাঁথির নিয়ন্ত্রণ নেয় তৃণমূল। এই পুরসভার মোট ওয়ার্ড সংখ্যা ২১। তার মধ্যে ১৭টি’তে জেতে জোড়া ফুল। তিনটি ওয়ার্ডে বিজেপি প্রার্থীরা জিতেছিলেন। বাকি একটিতে নির্দল প্রার্থী। কিন্তু গত ৪ মে’র পর থেকে পরিস্থিতির দ্রুত পরিবর্তন হতে থাকে। রাজ্যে পালাবদলের পর কাঁথি পুরসভার ১৩ জন তৃণমূল কাউন্সিলার ইস্তফা দেন। এমনকি চেয়ারম্যান সুপ্রকাশ গিরিও অফিসে আসছিলেন না। যার জেরে চূড়ান্ত অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। থমকে পড়ে উন্নয়ন। এনিয়ে মহকুমা শাসকের পক্ষ থেকে রিপোর্ট যায় রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরে। তারপর প্রশাসক নিয়োগ ছিল শুধু সময়ের অপেক্ষা। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় কলকাতা থেকে এই মর্মে একটি নির্দেশিকা আসে মহকুমা শাসক এবং জেলাশাসকের দপ্তরে।