রাজ্যের কয়েকটি জেলায় রবিশস্যের উৎপাদন কমবে, শঙ্কা স্টেট ব্যাংকের
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের কয়েকটি জেলায় রবি ফসল মার খাওয়ার আশঙ্কা রয়েছে এবার। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার রিসার্চ বিভাগ প্রকাশিত রিপোর্টে স্পষ্ট করে বলা হয়েছে, এল নিনোর প্রভাবে রবি মরশুমে দেশজুড়ে ফসলের উৎপাদন কমতে পারে। আর সেই ক্ষতির মানচিত্রে পশ্চিমবঙ্গের নাম বারবার উঠে আসছে। বিশেষ করে পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর আর বাঁকুড়ায় ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি।

Advertisement

এসবিআই রিসার্চের হিসেব অনুযায়ী, খরিফ থেকে রবির মরশুমেও রয়ে যাওয়া এল নিনোর প্রভাবে দেশে মোট কৃষি উৎপাদন ক্ষতি হতে পারে প্রায় ৩.৮৬ কোটি টন। এর মধ্যে খরিফে ক্ষতি ০.৮৯ কোটি টন, আর রবিতেই ক্ষতি ২.৯৭ কোটি টন। টাকার অঙ্কে এই ক্ষতি প্রায় ১ লক্ষ কোটি টাকা। প্রায় ১.৩৫ কোটি হেক্টর জমিতে এর প্রভাব পড়তে পারে, এমনই আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, কেন্দ্রও আশঙ্কা করছে, এবার শীতকালীন ফসল মার খেতে পারে। সরকারের ধারণা, এবছর রবি উৎপাদন ১১.৪ শতাংশ কম হতে পারে। এসবিআইয়ের জেলাভিত্তিক পূর্বাভাস বলছে, রবিতে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ আর পশ্চিমবঙ্গে। রিপোর্টে রবিতে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা থাকা দেশের সেরা ২০ জেলার তালিকায় পশ্চিমবঙ্গের চারটি জেলা আছে। তার মধ্যে সবচেয়ে উপরে পূর্ব বর্ধমান, সেখানে সম্ভাব্য ক্ষতি ৪, লক্ষ ১৮ হাজার ৬৩০ টন। মার খাবে আলু, সরষে, ডাল, ধান, গম ও সবজি। দ্বিতীয় হুগলি, সম্ভাব্য ক্ষতি ৩, লক্ষ ৮৬ হাজার ৩৬৬ টন। এখানেও মার খাবে আলু, সরষে, ধান, ডাল, শীতের সবজি।  পশ্চিম মেদিনীপুরে সম্ভাব্য ক্ষতি ৩ লক্ষ ৫৭ হাজার ৮২১ টন। ক্ষতি হবে আলু, সরষে, ডাল চাষে। আর চতুর্থ স্থানে আছে বাঁকুড়া। সম্ভাব্য ক্ষতি ২, লক্ষ ৪২ হাজার ১০৭ টন। এখানেও ক্ষতি হবে আলু, সরষে, ডাল চাষে। শুধু বাংলা নয়, দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে পূর্ব বর্ধমানকে রেখেছে এসবিআই। তাদের দাবি, রবি মরশুমে বৃষ্টির ঘাটতি, উৎপাদন হ্রাস ও কৃষি ঋণের ঝুঁকি—তিনটিই রয়েছে জোরালোভাবে।
কেন দেশে এই ক্ষতির আশঙ্কা? রিপোর্ট বলছে, বৃষ্টি ঘাটতির ধাক্কা খরিফে যতটা ছিল, রবিতে তা আরও বেশি। খরিফে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশ আর মহারাষ্ট্রে। রবিতে ধাক্কা সবচেয়ে বেশি হতে পারে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ আর পশ্চিমবঙ্গে। চাষিরা বলছেন, পূর্ব বর্ধমান-হুগলির আলু-বলয়ে বীজের দাম চড়া। সার, ডিজেল খরচ, শ্রমিকের মজুরি বেড়েছে। এদিকে বীজ বোনা পিছিয়ে গেলে আলুর ফলন কমার আশঙ্কা থাকে। ফলনের সময় শীত কমে গিয়ে গরম পড়ে গেলে উৎপাদন মার খায়। পশ্চিম মেদিনীপুর-বাঁকুড়ায় জলের সমস্যা রয়েছে। খরিফে বৃষ্টি দেরিতে আসা আর মাঝে খরার মতো পরিস্থিতি থাকায় মাটিতে রস কম। জল কম পুকুর-ডোবায়। বোরো ধানের মতো জলের চাহিদা বেশি থাকা ফসলের চাষে তাই হাত গুটিয়ে নিচ্ছেন অনেক চাষি। এর প্রভাব কী পড়তে পারে, তারও ইঙ্গিত দিয়েছে এসবিআই। তারা বলছে, রবিতে উৎপাদন কমলে, চাল, আলু আর সরষের তেলের বাজারে চাপ পড়তে পারে। তবে এসবিআই বলছে, এই ক্ষতি এখনই পুরো দেশে ছড়িয়ে পড়বে না। এটা নির্দিষ্ট এলাকাতেই সীমাবদ্ধ থাকবে বলে মনে করছে তারা।