নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ভ্রমণপ্রিয় বাঙালি। পাহাড়, জঙ্গল হোক বা সমুদ্র—ঘুরে বেড়ানোর মধ্যেই আনন্দ খুঁজে পান লক্ষ লক্ষ মানুষ। বেড়াতে গিয়ে সবচেয়ে প্রিয় লোকেশনে থাকতে চান পর্যটকরা। আর ভালো লোকেশন মানেই ওয়েস্ট বেঙ্গল টুরিজমের হোটেল, যা মধ্যবিত্তের নাগালের মধ্যে। আবার পরিষেবাও উচ্চমানের। কিন্তু গত কয়েকমাস ধরে অনলাইনে টুরিজমের হোটেল বুকিং করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছিলেন পর্যটকরা। অবশেষে সেই হয়রানি বন্ধে উদ্যোগ নিল দপ্তর। এবার টুরিজমের সমস্ত হোটেল বুকিংয়ের জন্য নতুন ওয়েবসাইট চালু হল। মঙ্গলবার সল্টলেকে wbtdcl.wb.gov.in ওয়েবসাইটের উদ্বোধন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। মন্ত্রী ছাড়াও রাজ্য পর্যটন দপ্তরের ডিরেক্টর তথা ডব্লুবিটিডিসিএলের ম্যানেজিং ডিরেক্টর সুমন্ত সহায় এবং আরও অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর পর্যটনমন্ত্রী জানিয়েছেন, পুরানো ওয়েবসাইট থেকে বুকিং করাই যেত না। ফলে আমাদের হোটেলগুলিতে পর্যটকদের ফুটফলও কমে গিয়েছিল। কারণ খুঁজতে গিয়ে আমরা এই সমস্যার কথা জানতে পারি। আমরা আগেই ঠিক করেছিলাম, একটি ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট আনব। সেটি আজ চালু করা হল। রাজ্যে আমাদের ৪০টি হোটেল রয়েছে। ৮১৪টি রুম। সবই বুকিং করা যাবে নতুন ওয়েবসাইট থেকে। আমাদে লক্ষ্য, এই হোটেলে আরও পর্যটক বাড়ানো। নতুন করে বহু হোটেল সংস্কার করারও উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তী পর্যায়ে এই নয়া ওয়েবসাইটে এলাকার টুরিস্ট স্পটের তালিকা, লোকাল ফুডসহ বিভিন্ন বিষয় দেওয়া হবে। এলাকার বৃত্তান্ত জানানোর জন্য এমএসএমইর মাধ্যমে প্রশিক্ষিত গাইড তৈরি করা হবে। কাস্টমার রিভিউয়ের অপশন থাকবে। গঠনমূলক সমালোচনা পেলে আমাদের কাজে লাগবে।’
মন্ত্রী আরও বলেন, ‘ভালো ও উন্নত পরিষেবার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। কিছু ক্ষেত্রে পিপিপি মডেলে করা হবে। কোথাও অপারেশনাল পার্ট বেসরকারি হাতে দেওয়া হবে, কোথাও রেস্তরাঁটি বেসরকারি হাতে দেওয়া হবে। পরে আমরা নথিভুক্ত হোম-স্টেগুলিকে এই ওয়েবসাইটের অধীনে আনব, যাতে এখান থেকেই বুকিং করা যায়। এছাড়া সাফারি বা অন্যান্য পর্যটনস্থলের এন্ট্রি টিকিট বুকিংয়ের ব্যবস্থাও করা হবে।’ সল্টলেকে ওয়েবসাইটের উদ্বোধনে পর্যটনমন্ত্রী শংকর ঘোষ।-নিজস্ব চিত্র



