নয়াদিল্লি: উৎসবের মাস অক্টোবরেই এসেছে দুঃসংবাদ! পেঁয়াজের দাম গত এক বছরে বেড়েছে ১১৬ শতাংশ। সবজি, ভোজ্যতেল, দুধ, মুদিখানার দ্রব্য— গত এক বছরে সব কিছুর দর লাগামছাড়া। বিলাসিতা দূর অস্ত, বাজার করতে গেলেই আম জনতার পকেটে ছ্যাঁকা লাগছে। নিত্যপণ্যের খরচ জোগাতে কোনো পরিবার হিমশিম খাচ্ছে, কোনো পরিবার আবার কমিয়ে দিয়েছে ফল-সবজি কেনা। সিনেমা দেখা-রেস্তরাঁয় যাওয়াতেও রাশ পড়েছে অনেকের। সম্প্রতি এক সমীক্ষায় ৬১ শতাংশ পরিবার জানিয়েছে, গত এক বছরে তাঁদের মাসিক সংসার খরচ বেড়েছে ২০ শতাংশ। অর্থাৎ প্রতি মাসে নিতান্ত প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেই ২০২৫ সালের তুলনায় ২০ শতাংশ টাকা বেশি খরচ করতে হচ্ছে। দেশের ৩২৬টি জেলার ১ লক্ষ ৩৪ হাজারের বেশি পরিবারের প্রতিনিধি অংশ নিয়েছিলেন সেই সমীক্ষায়। তার মধ্যে ৬১ শতাংশ পরিবার, সংখ্যাটা কম নয়। প্রতি ১০টি পরিবারের মধ্যে ছ’টিরই সংসার খরচ বেড়ে যাওয়ার স্বীকারোক্তি যথেষ্ট উদ্বেগজনক। এমনই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে ‘লোকাল সার্কলস’ নামে এক সমীক্ষক সংস্থা। তাদের সমীক্ষায় অংশগ্রহণকারী আরও ১৮ শতাংশ পরিবার সংসার খরচ গত বছরের তুলনায় ১৫ থেকে ২০ শতাংশ বৃদ্ধির কথা জানিয়েছে। সব মিলিয়ে মোট ৯২ শতাংশ পরিবারেরই মাসে কমপক্ষে ১০ শতাংশ বেশি টাকা গলে গিয়েছে নিত্যপণ্য খরিদ করতে। সেই তথ্য প্রকাশ্যে আসতেই আম আদমির করুণ দশা নিয়ে কেন্দ্রকে একহাত নিয়েছে বিরোধী শিবির। এর জন্য মোদি সরকারের আর্থিক অব্যবস্থা ও জনবিরোধী নীতিকে দায়ী করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তাঁর তোপ, ‘লাগামছাড়া মুদ্রাস্ফীতির জেরে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মেরুদণ্ড ভেঙে গিয়েছে। এতো কিছুর পরেও শুধুমাত্র রাজনীতি নিয়ে মজে রয়েছেন প্রধানমন্ত্রী।’
খোদ কেন্দ্রীয় রিপোর্টেই স্পষ্ট, অক্টোবরে পাইকারি মুদ্রাস্ফীতির হার রেকর্ড ১২ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। খুচরো মুদ্রাস্ফীতির হারও গত দু’বছরে এই প্রথম আরবিআই নির্ধারিত সহনশীলতার মাত্রা ৬ শতাংশ ছাপিয়ে গিয়েছে। একইসঙ্গে লাফিয়ে বাড়ছে খাদ্যের দামও। অক্টোবর মাসে তা বেড়ে হয়েছে ৮.৯৪ শতাংশ। গত ১২ নভেম্বর দুধের দাম লিটার প্রতি ২ থেকে ৪ টাকা বাড়িয়েছে দেশের প্রথম সারির দু’টি ডেয়ারি সংস্থা। ঘি, দুগ্ধজাত পণ্য, ভোজ্য তেল, ফল-সবজি, চাল, ডাল, আটা সবই মহার্ঘ। মূল্যবৃদ্ধির খেসারত দিতে দিতে নাকাল মধ্যবিত্ত। এই পরিস্থিতিতেই খাদ্যদ্রব্যের দাম থেকে শুরু করে সংসার খরচ সংক্রান্ত হরেক রকম প্রশ্ন নিয়ে দেশজুড়ে সমীক্ষা করতে নেমেছিল ‘লোকাল সার্কলস’। তার উত্তরে ৩৯ শতাংশ মানুষ দুধ, ফল-সবজি কেনা কমিয়ে দেওয়ার কথা জানিয়েছেন। অনেকেই কম দামি ব্র্যান্ডের পণ্য কিনতে বাধ্য হচ্ছেন। নিত্যদিনের এই খরচ জোগাতে সিনেমা দেখা, রেস্তরাঁয় খাওয়াদাওয়া সহ একাধিক বিলাসিতায় অনেকটাই রাশ টানার কথা জানিয়েছেন প্রায় ৭৪ শতাংশ।



