নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইডিবিআই ব্যাংককে বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়ার প্রতিবাদে এবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হল। মোদি সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে এর আগে ২ ও ৩ নভেম্বর, দু’দিনের ধর্মঘটে যান শুধুমাত্র আইডিবিআই ব্যাংকের কর্মীরা। এরপরও সরকার যখন তার সিদ্ধান্ত থেকে একচুলও সরেনি, তখন ইউনাইটেড ফোরাম অফ আইডিবিআই অফিসার্স অ্যান্ড এমপ্লয়িজ় (ইউএফআইওই) ফের একদিনের দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়। আগামী ৩ ডিসেম্বর ওই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেই ডাকে সাড়া দিয়ে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ় অ্যাসোসিয়েশন (এআইবিইএ), অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন (এআইবিওএ) এবং ব্যাঙ্ক এমপ্লয়িজ় ফেডারেশন অফ ইন্ডিয়া (বেফি) দেশজুড়ে ব্যাংক ধর্মটের ডাক দিয়েছে। এর ফলে ওই দিন দেশের ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রায় প্রতিটিতেই ব্যাংকিং পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ধর্মঘটের প্রভাব পড়বে এটিএমগুলিতেও।
ধর্মঘটিরা বলছেন, এই লড়াই শুধু একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক বাঁচানোর লড়াই নয়। জাতীয় সম্পদ বাঁচানোর লড়াই। গত ১৪ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রিসভা আইডিবিআই ব্যাংকের ৬০.৭২ শতাংশ শেয়ার কানাডার ফেয়ারফ্যাক্স ফিনান্সিয়াল হোল্ডিংসের কাছে প্রায় ৫২ হাজার ৮৭৮ কোটি টাকায় বিক্রির অনুমোদন দেয়। এক্ষেত্রে সরকার তার হাতে থাকা আইডিবিআইয়ের ৩০.৪৮ শতাংশ শেয়ার বেচবে এবং এলআইসি বিক্রি করবে তাদের হাতে থাকা ৩০.২৪ শতাংশ শেয়ার। বিক্রির পর সরকারের হাতে থাকবে মাত্র ১৫ শতাংশ আর এলআইসির হাতে ১৯ শতাংশ শেয়ার। অর্থাৎ জনগণের টাকায় গড়ে ওঠা ৯ হাজার কোটি টাকারও বেশি মুনাফা করা এই ব্যাংক চলে যাবে বিদেশি বেসরকারি মালিকের হাতে। ধর্মঘটিদের অভিযোগ, ২০০৩ সালে সংসদে দেওয়া প্রতিশ্রুতি ভাঙা হচ্ছে। সেখানে বলা হয়েছিল, আইডিবিআই ব্যাংকে সরকারের অংশীদারিত্ব ৫১ শতাংশের নীচে নামবে না। পাশাপাশি তাঁদের আশঙ্কা, বেসরকারি হয়ে গেলে চাকরির নিরাপত্তা, পেনশন, তফসিলি জাতি-জনজাতি ও ওবিসি সংরক্ষণ—সবই বিপন্ন হবে। এআইবিইএ’র আওতায় থাকা বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রাজেন নাগর বলেন, ‘এবারের ধর্মঘটে সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিংয়ের মতো কোনো ইস্যু রাখা হয়নি। শুধুমাত্র আইডিবিআই ব্যাংক বেসরকারিকরণের বিরুদ্ধেই পথে নামব আমরা। তার আগে জেরোলো আন্দোলন চলবে দেশজুড়ে। সরকার তার সিদ্ধান্ত থেকে না সরলে আমরা আরও বড়ো আন্দোলনে যাব।’



