দ্বিতীয় ত্রৈমাসিকে  জিডিপি বৃদ্ধির হার কমে হতে পারে ৭.৫ শতাংশ
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বর্ষায় বৃষ্টি ভালো হয়নি। আন্তর্জাতিক পরিস্থিতিও অশান্ত। এই দুইয়ের ধাক্কা রাশ টানবে দেশের অর্থনীতির গতিতে! মঙ্গলবার রেটিং সংস্থা আইসিআরএ-র পূর্বাভাস, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার নিম্নমুখী হতে পারে। আর তা হতে পারে গত পাঁচটি ত্রৈমাসিকের মধ্যে সর্বনিম্ন। সংস্থার রিপোর্ট অনুযায়ী, চলতি অর্থবর্ষের জুলাই-সেপ্টেম্বরে জিডিপি বৃদ্ধির হার কমে দাঁড়াতে পারে ৭.৫ শতাংশ। এপ্রিল-জুন ত্রৈমাসিকে এই হার ছিল ৭.৮ শতাংশ। গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) এই হার ছিল ৮.২ শতাংশ। আইসিআরএ-র পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, ‘কৃষি, শিল্প এবং পরিষেবা ক্ষেত্রের অধঃগতির কারণে দ্বিতীয় ত্রৈমাসিকের সামগ্রিক বৃদ্ধি কিছুটা কমতে পারে। তবে এর প্রভাব হবে সুদূরপ্রসারী।’ যদিও  আইসিআরএ-র পূর্বাভাস রিজার্ভ ব্যাংকের ৭.২ শতাংশ অনুমানের চেয়ে বেশি।

Advertisement

যদি আইসিআরএ জানিয়েছে, কৃষিক্ষেত্র এবং শিল্পক্ষেত্রের জন্য খারাপ পরিস্থিতি অপেক্ষা করছে। সংস্থার মতে, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে কৃষিক্ষেত্রের বৃদ্ধি ছিল ৩.৬ শতাংশ। দুর্বল বর্ষা ও খরিফ শস্য বপনে ঘাটতির কারণে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে তা অনেকটাই কমে ০.২ শতাংশে নামতে পারে। শিল্পক্ষেত্রের বৃদ্ধিও ৭.৭ শতাংশ থেকে কমে দাঁড়াতে পারে ৭.২ শতাংশ। উল্লেখ্য, জুলাই-সেপ্টেম্বরের জিডিপি বৃদ্ধি সংক্রান্ত পরিসংখ্যান চলতি মাসের শেষে প্রকাশ করবে কেন্দ্র।