নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি কাজকর্মের উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রয়োগ করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারও এই ব্যাপারে সক্রিয়। দুই সরকারই চাইছে এই বিষয়টিতে নতুন সংস্থাগুলি এগিয়ে আসুক। বিভিন্ন পরিষেবার কাজে এআই-এর প্রয়োগ প্রক্রিয়ায় শামিল হওয়ার ব্যাপারে রাজ্য সরকার কয়েকমাস আগে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট নোটিশ দিয়েছিল। সম্প্রতি ফের এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, কোনও স্টার্টআপ সংস্থা এই প্রক্রিয়ায় যুক্ত হতে চাইলে বিশেষ ছাড় পাবে। অন্যদিকে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংগ্রহণকারীদের ফেস অথিন্টিকেশনে এআই প্রয়োগ করতে চাইছে কেন্দ্র। তার জন্য আগ্রহী সংস্থা বা বিশেষজ্ঞদের জন্য বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সফলদের জন্য মোট আড়াই কোটি টাকা পুরস্কার মূল্য ঘোষণা করেছে সরকার। সেরা দুজনকে এক কোটি টাকা করে পুরস্কার দেওয়ার পাশাপাশি, দু-বছরের জন্য এই কাজটি করার বরাত দেওয়া হতে পারে।
প্রশাসনিক দক্ষতাবৃদ্ধির পাশাপাশি বিভিন্ন সামাজিক প্রকল্পের কাজে উন্নতির জন্য এআই প্রয়োগ করতে চাইছে রাজ্য সরকার। যেসব বিভাগে এআই ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য ডিরেক্টরেট অব রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ। বাড়ি-জমি প্রভৃতি সম্পত্তি ক্রয়-বিক্রয়ের উপর স্ট্যাম্প ডিউটি খাতে টাকা সংগ্রহ করে অর্থদপ্তরের অধীন এই বিভাগ। এই বিভাগকে প্রচুর নথিপত্র রাখতে হয়। পাশাপাশি চালাতে হয় মূল্যায়ন প্রক্রিয়া। নির্ভুলভাবে এবং আরও দক্ষতার সঙ্গে এই কাজ করতে এআই প্রয়োজন বলে মনে করছে রাজ্য। শতাধিক সামাজিক প্রকল্পও চালায় বিভিন্ন দপ্তর। এসব প্রকল্পের সুবিধা বেনিফিসিয়ারিদের কাছে ঠিকমতো পৌঁছে দিতে একটি দক্ষ ব্যবস্থা প্রয়োজন। মনে করছে নবান্ন। এই কাজে এআই ব্যবহার করতে দক্ষ সংস্থাগুলির কাছ থেকে কয়েকমাস আগে আগ্রহপত্র চেয়ে বিজ্ঞপ্তি জারি করে অর্থদপ্তর। সম্প্রতি এই বিজ্ঞপ্তির উপর একটি সংশোধনী এনে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, আগ্রহী স্টার্টআপ সংস্থাগুলি কিছু বিশেষ ছাড় পাবে। নির্দিষ্ট ছাড় মিলবে সংস্থার বার্ষিক টার্নওভার ও কাজের অভিজ্ঞতার ক্ষেত্রে। তবে ছাড় দেওয়া হবে অর্থমন্ত্রকের গাইডলাইন অনুযায়ী।