পথ চলা শুরু হল ‘প্রবুদ্ধ রাহা আকাদেমি ফর মিউজিক অ্যান্ড আর্টিস্ট্রি’ সংস্থার। রবীন্দ্রসঙ্গীতের কালজয়ী প্রাসঙ্গিকতা, নির্ভুল সংরক্ষণ ও সঠিক বিস্তারের উদ্যোগ নিয়ে এই সংস্থার আত্মপ্রকাশ। সম্প্রতি নব নালন্দা গ্রুপ অব স্কুলের শীলভদ্র কক্ষে ‘আজি এ আনন্দসন্ধ্যা’ শীর্ষক এক অনুষ্ঠান আয়োজিত হয়। সংস্থার কর্ণধার প্রবুদ্ধ রাহা জানান, ‘৮ থেকে ১৪ বছরের (মূলধারা) শিশুদের পাশাপাশি ১৫- ৬৫ (আনন্দধুনি) ও তার ঊর্ধ্বে প্রবীণরাও সংস্থার সঙ্গে যুক্ত হতে পারবেন। ৮-১৪ বছরের শিশুরা কোনও পূর্ব যোগ্যতা ছাড়াই ভর্তি হতে পারেন। বাকিদের রেকর্ডিং জমা দিতে হবে। আগামী নভেম্বর মাস থেকে ছাত্রছাত্রীদের গানের প্রশিক্ষণ শুরু হবে। প্রতিষ্ঠানের উদ্যোগ সাঙ্গীতিক উৎকর্ষের সঙ্গে নৈপুণ্যের ঐক্য গড়বে বলে আশা করেন প্রবুদ্ধবাবু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী বিভা সেনগুপ্ত, শ্রাবণী সেন, অলক রায় চৌধুরী সহ বহু গুণীজন।



