• ‘প্রেম’-এর কোন গুণ আপনার মধ্যে আছে?
আমার বেড়ে ওঠাটা অনেকটা এই চরিত্রের মতো। পারিবারিক আবহে বড়ো হয়েছি। এখনও আমার ছোটো ভাই আমার পা ছুঁয়ে প্রণাম করে। এই ঐতিহ্য এবং পারিবারিক মূল্যবোধের কারণেই ছবির সেটে গিয়ে মনে হয়েছে, যেন নিজের বাড়িতেই রয়েছি। ছোটোবেলা থেকেই যেন ‘প্রেম’ চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করেছি।
• সলমন খান ‘প্রেম’ চরিত্রটির যে পরিচিতি তৈরি করেছেন, সেই ভাবমূর্তি আপনি বদলাতে পারবেন?
আমার ছবিতে বরাবরই সামাজিকভাবে প্রাসঙ্গিক বিষয় উঠে এসেছে। সম্ভবত সে কারণেই সূরজজি আমাকে এই ছবির জন্য বেছে নিয়েছেন। তবে সলমন খানই আসল ‘প্রেম’। তাঁর জায়গা কেউ নিতে পারবে না।
• তরুণ প্রজন্মের দর্শকের কাছে এই ছবিটি গ্রহণযোগ্য হবে?
সময়ের সঙ্গে দর্শকের রুচি বদলেছে। বর্তমান প্রজন্ম নানা ধরনের ছবি দেখতে পছন্দ করে। এই ছবিতে শুধু পারিবারিক ঐতিহ্যের কথা বলা হয়নি, বরং সেই ঐতিহ্যকেই প্রশ্ন করা হয়েছে।
• আপনার এবং তাহিরার প্রেম নিয়ে বলিউডের নানা আলোচনাকে কীভাবে দেখেন?
(হাসি) আমরা খুব কম বয়সে বিয়ে করি। দুই সন্তানের বাবা-মা হয়ে যাই। অর্থাৎ অভিনেতা হওয়ার আগেই বাবা হওয়ার অভিজ্ঞতা হয়েছে আমার। ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য রাখতে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমাদের দু’জনকেই অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমাদের প্রেম নিয়ে বলিউডের পজিটিভ আলোচনাতে আমরা সত্যিই কৃতজ্ঞ।
• আপনাকে বরাবরই ভিন্ন ধরনের চরিত্রে দেখা যায়। এই আত্মবিশ্বাস কোথা থেকে পান?
এখনও অনেক ধরনের চরিত্রে অভিনয় করা বাকি। ‘অন্ধাধুন’, ‘আর্টিকেল ১৫’ অথবা ‘অ্যান অ্যাকশন হিরো’তে আলাদা কিছু করার চেষ্টা করেছি। এবার নেগেটিভ চরিত্রে অভিনয় করতে চাই। ১৪ বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি, এখনও এ ধরনের চরিত্র করা হয়নি। আমার কাছে সবার আগে চিত্রনাট্য, তারপর গল্প এবং সবশেষে চরিত্র।
দেবারতি ভট্টাচার্য • মুম্বই



