বড়ো বাজেটের হিন্দি ছবির জন্য প্রেক্ষাগৃহ থেকে সরছে বাংলা ছবি। আগেও একাধিকবার এই সমস্যার মুখে পড়েছেন বাংলার চলচ্চিত্র নির্মাতারা। ফের সেই ঘটনার পুনরাবৃত্তি হল। এবার সমাধানে উদ্যোগী হল রাজ্য সরকার। আজ, মঙ্গলবার হল মালিকদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি পুরাণ নির্ভর একটি বাংলা ছবি দর্শকমহলে ভালো সাড়া ফেলেছিল। তবে এক সপ্তাহের মধ্যেই প্রেক্ষাগৃহ থেকে সরানো হচ্ছে সেই সিনেমাকে। কারণ? বড়ো বাজেটের একটি হিন্দি সিনেমা মুক্তির অপেক্ষায়। সেটিকে জায়গা দিতেই এই বাংলা ছবিটির শো প্রাইম টাইম থেকে সরানোর সিদ্ধান্ত নেন হল মালিকরা। তাতেই আপত্তি প্রযোজকদের। পূর্বতন সরকারের তরফে রাজ্যের প্রেক্ষাগৃহগুলিতে বাংলা ছবিকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছিল। তা সত্ত্বেও বাস্তব চিত্রের পরিবর্তন হয়নি। হিন্দি ছবিকে প্রাইম শো না দিলে পরবর্তীতে বড়ো হিন্দি ছবির ডিস্ট্রিবিউশনশিপ পাবে না রাজ্যের হলগুলি। আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন হল মালিকরা। সবদিক বিবেচনা করে আজ মুখ্যমন্ত্রী কী সিদ্ধান্ত নেন, তার দিকে নজর সকলের।



