নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আজ, সোমবার হাওড়া স্টেশন থেকে নগদ ৬৭ লক্ষ টাকা উদ্ধার করল আরপিএফের গোয়েন্দা বিভাগ। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা বলে জানা গিয়েছে।
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আজ, সোমবার হাওড়া স্টেশন থেকে নগদ ৬৭ লক্ষ টাকা উদ্ধার করল আরপিএফের গোয়েন্দা বিভাগ। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা বলে জানা গিয়েছে।
এদিন হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে টহল দেওয়ার সময় সন্দেহজনক গতিবিধির জন্য এক ব্যক্তিকে আটক করেন আরপিএফের জওয়ানরা। তাঁর ব্যাগ তল্লাশি করে উদ্ধার হয় প্রায় বিপুল নগদ। সঙ্গে সঙ্গে নগদ সহ তাঁকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তির নাম সুজিত কালে। তিনি মহারাষ্ট্রের শোলাপুরের বাসিন্দা।
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, মুম্বই মেলে হাওড়ায় এসেছিলেন সুজিত। গয়ার টাউনশিপ এলাকায় তাঁর দোকান রয়েছে বলে দাবি করেন। কলকাতার বড়বাজার থেকে সোনা-রুপো কেনার জন্য এই বিপুল টাকা নিয়ে এসেছিলেন বলে জানান। তবে কোনো নথি দেখাতে পারেননি। এরপরই তাঁকে আটক করা হয়। ঘটনাটি আয়কর দপ্তরকে জানিয়েছে আরপিএফ। উদ্ধার হওয়া টাকা ও আটক ব্যক্তিকে আয়কর দপ্তরের হাতে তুলে দেওয়া হবে।