Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সংস্কারের মাত্র এক বছর পরেই বেহাল দশা রাস্তার

সংস্কারের মাত্র এক বছর পরেই বেহাল দশা রাস্তার
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: সংস্কারের একবছর পরই দুর্গাপুর পুর এলাকার একটি রাস্তা ভেঙেচুরে একাকার। শহরের ২৭ নম্বর ওয়ার্ডের এফসিআই স্কুলমোড় থেকে বামুনাড়া যাওয়ার ওই রাস্তার খানাখন্দে জল জমে ডোবার আকার নিয়েছে। কাঁকসা ব্লক থেকে দুর্গাপুর শহরে আসার গুরুত্বপূর্ণ রাস্তাটি বেহাল হয়ে পড়ায় পথচারীরা ভোগান্তির শিকার হচ্ছেন। মাঝেমধ্যেই ওই রাস্তায় দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এখন পিচ সম্পূর্ণ উঠে গিয়েছে। তাঁরা অবিলম্বে রাস্তাটি ঠিকমতো সংস্কার করার দাবি তুলেছেন।
Advertisement
পুর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, ঠিকাদারের সঙ্গে পাঁচ বছরের ওয়ার‌্যান্টি আছে। এর মধ্যে রাস্তা খারাপ হলে তাঁকেই মেরামত করতে হবে। যদি কাজে কোনও গাফিলতি থাকে, তাহলে ঠিকাদারকে ব্ল্যাকলিস্ট করা হবে। খুব তাড়াতাড়ি ওই রাস্তাটি সংস্কার করা হবে।
পরিত্যক্ত এফসিআই কলোনি থেকে দুর্গাপুরের বিধাননগর হয়ে কাঁকসা থানার বামুনাড়া অবধি ওই রাস্তাটি গিয়েছে। শহর লাগোয়া বামুনাড়া প্রায় ১০বছর আগেই বহুতল আবাসনে ভরে গিয়েছে। বহু চাকরিজীবী ওই সমস্ত আবাসনে থাকেন। বিধাননগরে একাধিক বেসরকারি স্কুলের পড়ুয়াদের পাশাপাশি হাসপাতাল ও নার্সিংহোমে যাতায়াতকারী একহাজারেরও বেশি মানুষ এই রাস্তার উপর নির্ভরশীল।
বেহাল রাস্তাটির পাশে পুরসভার সাইনবোর্ডে লেখা রয়েছে, সেই রাস্তা সংস্কারে ১২, ১৭, ১৪৪ টাকা বরাদ্দ করা হয়েছে। গত বছরের ২৪ আগস্ট কাজ শুরু হয়ে সেবছর ১৩ সেপ্টেম্বর শেষ হয়েছে।
অটোচালক প্রভাত সরকার বলেন, কোনও ভারী গাড়ি এখান দিয়ে যায় না। তবু একবছরেই রাস্তাটি আবার ভেঙেচুরে গিয়েছে। খানাখন্দে জল জমে আছে। এখান দিয়ে যাওয়া-আসা করতে গিয়ে অনেকেই দুর্ঘটনার মুখে পড়ছেন। আমার অটোই তো একদিন গর্তে চাকা পড়ে উল্টে গিয়েছিল। তাতে অটোর কাচ ভেঙে গিয়েছিল।
পথচারী দীপিকা রায় বলেন, স্কুটারে করে মেয়েকে এই বিপজ্জনক রাস্তা দিয়ে স্কুলে নিয়ে যাই। এত তাড়াতাড়ি রাস্তাটা কেন খারাপ হয়ে গেল, তা সরকারের ইঞ্জিনিয়ারদের দেখা দরকার।
সম্পর্কিত সংবাদ