Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সোশ্যাল মিডিয়ায় প্রচারে জোর নিয়োগের বিজ্ঞাপন তৃণমূলের

সোশ্যাল মিডিয়ায় প্রচারে জোর নিয়োগের বিজ্ঞাপন তৃণমূলের
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: লক্ষ্য ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তাই সোশ্যাল মিডিয়া পরিচালনার জন্য লোক নেওয়ার বিজ্ঞাপন দিল ঘাসফুল শিবির। সেই লোকেদের নিয়েই গঠিত হবে বিধানসভা ভিত্তিক কমিটি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে লোক নেওয়ার বিজ্ঞাপন ছড়িয়ে পড়তে শুরু করেছে। তৃণমূল নেতৃত্বের কথায়, উপ নির্বাচন শেষ হতেই আগামী বিধানসভা নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারে বিশেষ জোর দেওয়া হচ্ছে। কারণ, খুব অল্প সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছন সম্ভব। মূলত উন্নতমানের আইটি সেল তৈরির পরিকল্পনা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরা হবে। পাশাপাশি বিজেপির বঞ্চনার কথাও তুলে ধরা হবে মানুষের সামনে। এদিন জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা বলেন, আমাদের লক্ষ্য আগামী বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়। সোশ্যাল মিডিয়ায় লাগাতার প্রচার করা হবে। সোশ্যাল মিডিয়া এক্সপার্টরা একাজ করবেন। এখন থেকেই তার প্রস্তুতি শুরু হচ্ছে। মানুষ আমাদের পাশেই থাকবেন বলে আমার বিশ্বাস।
Advertisement
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে বিভিন্ন রাজনৈতিক দল। তার মধ্যে অন্যতম ছিল বিজেপি। দেশজুড়ে বিজেপির এই ক্যাম্পেনে ব্যাপক সাড়াও পাওয়া গিয়েছিল। ভোট বাক্সেও তার প্রভাবও পড়ে। সেই সময়ে কোটি কোটি টাকা খরচ করে তৈরি বিজেপির উন্নতমানের আইটি সেল দেখে অনেকেই হতবাক হয়ে গিয়েছিলেন। বর্তমানে রাজনৈতিক প্রচারে সোশ্যাল মিডিয়ার ব্যবহার ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। পিছিয়ে নেই তৃণমূলও। গত পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনেও তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার চালানো হয়। তার প্রভাবও পড়ে ভোট বাক্সে। তাই তৃণমূল নেতৃত্ব চাইছে, আগামী বিধানসভা নির্বাচনের জন্য এখন থেকেই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতে। জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপির সংগঠন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এরফলে সোশ্যাল মিডিয়ায় তাদের প্রচারও কমেছে। অনেকেই বিজেপির আইটি সেলের কাজ ছেড়ে দিয়েছেন। এক তৃণমূল নেতা বলেন, শহরের পাশাপাশি গ্রামীণ এলাকার বহু যুবক-যুবতী সোশ্যাল মিডিয়ায় পারদর্শী। তাঁদের এই কাজে নিয়োগ করার পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি বিধানসভা ভিত্তিক কমিটি হবে। ইতিমধ্যেই এই কাজে ইচ্ছুকদের নাম, ফোন নম্বর, ই-মেল আইডি, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সহ যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপের মাধ্যমেও লাগাতার প্রচার করা হবে। ‘ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি’ ব্যানারে ক্যাম্পেন চালানো হবে জেলাজুড়ে। এদিন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মহম্মদ রফিক বলেন, আজ থেকে কিছু বছর আগে এসব ছিল না। আমরা সাইকেল চালিয়ে, পায়ে হেঁটে সিপিএমের বিরুদ্ধে প্রচার করেছি। এখন প্রযুক্তি বাড়ছে। তার সঙ্গে দলও আপ টু ডেট হচ্ছে। ভালো উদ্যোগ। ‘ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি’ গ্রুপের সভাপতি তথা তৃণমূল নেতা বরুণকান্তি মণ্ডল বলেন, প্রতিটি বিধানসভা এলাকায় কমিটিগুলো তৈরি হবে। সেই কমিটির লিস্ট উচ্চ নেতৃত্বের কাছে পাঠানো হবে।
সম্পর্কিত সংবাদ