সংবাদদাতা, কালিয়াগঞ্জ: রবি মরশুমে রাসায়নিক সারের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ পেয়ে হেমতাবাদে ময়দানে নামল প্রশাসন। মঙ্গলবার দুপুরে হেমতাবাদের ঠাকুরবাড়ি এলাকায় একটি সারের দোকানে এই অভিযান চালানো হয়। সারের দোকানদারদের সতর্ক করে গ্রাহকদের সচেতন করে সেখানে ক্যাম্প করা হয়। রাসায়নিক সার যাতে ন্যায্যমূল্যে বিক্রি করা হয় সে বিষয়ে মাইকিং করে সকলকে সচেতন করেন আধিকারিকরা। এই ক্যাম্পে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা উপ কৃষি অধিকর্তা প্রিয়নাথ দাস, রায়গঞ্জ মহকুমা সহ কৃষি অধিকর্তা নব্যেন্দু বসাক, হেমতাবাদ ব্লক সহ কৃষি অধিকর্তা যুগল গুরুং সহ অন্যরা।
Advertisement
জেলা উপ কৃষি অধিকর্তা বলেন, কৃষকরা যাতে ন্যায্যমূল্যে সার কিনতে পারেন তার জন্যই এই অভিযান। মূলত, রবি মরশুমে সারের চাহিদা থাকে সর্বাধিক। আর এই সময় বিভিন্ন জায়গায় কালোবাজারির অভিযোগ ওঠে। সেক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর লাইসেন্স বাতিল করা হবে। শুধু হেমতাবাদ ব্লকেই নয় উত্তর দিনাজপুর জেলার প্রতিটি ব্লকেই এমন অভিযান ও প্রচার চালানো হচ্ছে। কোথাও সারের অতিরিক্ত দাম নেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ এসেছে। কৃষি আধিকারিকরা সঙ্গে সঙ্গে সারের দোকানে পৌঁছে কৃষকদের নির্ধারিত মূল্যে সার কেনানোর ব্যবস্থা করছে।
স্বপন মূর্মু নামে এক কৃষক বলেন, রবি মরশুম এলেই প্রতি বছর সারের কালোবাজারি হয়। দোকানগুলিতে কৃত্রিম ঘাটতি তৈরি করে সারের দাম বৃদ্ধি করে দেওয়া হয়। কৃষকদের হয়রানি রুখতে প্রশাসনকে তৎপর হতে হবে।
স্বপন মূর্মু নামে এক কৃষক বলেন, রবি মরশুম এলেই প্রতি বছর সারের কালোবাজারি হয়। দোকানগুলিতে কৃত্রিম ঘাটতি তৈরি করে সারের দাম বৃদ্ধি করে দেওয়া হয়। কৃষকদের হয়রানি রুখতে প্রশাসনকে তৎপর হতে হবে।



