শিবাজী চক্রবর্তী, কলকাতা: ময়দানের প্রাচীন প্রবাদ— আইএফএ শিল্ড ইস্ট বেঙ্গলের পয়মন্ত। ঐতিহ্যবাহী টুর্নামেন্টে সর্বাধিক ২৯বারের চ্যাম্পিয়ন মশালবাহিনী। আরও একবার খেতাব জয়ের স্বপ্ন নিয়েই বুধবার শিল্ড অভিযান শুরু করছে লাল-হলুদ ব্রিগেড। কল্যাণীতে মিগুয়েল, রশিদদের প্রতিপক্ষ শ্রীনিধি এফসি। হায়দরাবাদের দলটি বিদেশিহীন। যুব ব্রিগেড নিয়েই শিল্ডে এসেছে তারা। তবে অজানা প্রতিপক্ষের বিরুদ্ধে বেশ সতর্ক লাল-হলুদের স্প্যানিশ কোচ। এদিন অনুশীলন শেষে অস্কার ব্রুজোঁর মন্তব্য, ‘বিপক্ষকে হাল্কাভাবে নেওয়ার ভুল করতে চাই না।’ আসলে ডুরান্ড কাপে ডায়মন্ডহারবার এফসি’র বিরুদ্ধে অপ্রত্যাশিত হার জোর ঝাঁকুনি দিয়েছে। শিল্ডে ব্যর্থ হলে চাপে পড়বেন অস্কার। ইস্ট বেঙ্গল মাঝমাঠের ইঞ্জিন মহম্মদ রশিদ। প্যালেস্তাইন মিডিও অসম্ভব ওয়ার্কলোড নিতে পারেন। শিল্ডে নামার আগে তাঁর মন্তব্য, ‘দ্রুত লক্ষ্যভেদ জরুরি। গোল নষ্ট হলেই চাপ বাড়বে।’ উল্লেখ্য, শিল্ডের পরেই সুপার কাপের আসর বসবে গোয়ায়। তার ড্রেস-রিহার্সাল সেরে ফেলার সুযোগ ইস্ট বেঙ্গলের সামনে।



