সন্দীপ বর্মন , মাথাভাঙা: রবিবার মেখলিগঞ্জ মহকুমার চ্যাংরাবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল দু’টি সংগঠন। পরিবেশ সচেতনতা বৃদ্ধি সহ চারাগাছ রোপণে প্রতিবছরের মতো এবারও এগিয়ে এল সামাজিক সংগঠন ‘সৃজন’। সৃজনের এই কর্মসূচিতে যৌথভাবে অংশগ্রহণ করে ‘পজিটিভ বার্তা’। রবিবার চ্যাংরাবান্ধা বিডিও অফিস সংলগ্ন ডিভাইডারে একশো গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।
এদিনের উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরিবেশপ্রেমী এবং প্রজেক্ট হান্ড্রেডের রাজ্য সভাপতি দীনেশচন্দ্র বিশ্বাস, মেখলিগঞ্জের বিডিও অরিন্দম মণ্ডল, ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের কোচবিহার জেলা সম্পাদক গৌতম সরকার, ময়নাগুড়ির সমাজকর্মী প্রদীপ ঘোষ, চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি বিমল ঘোষ, শাহজান সরকার, গৌতম চন্দ সহ বিশিষ্টরা।
সৃজনের সম্পাদক সুনির্মল গুহ এবং পজিটিভ বার্তার পক্ষে গৌতম সরকার বলেন, এ বছর যৌথ উদ্যোগে এক হাজার বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে এদিন বৃক্ষরোপণ করা হল। এছাড়া পজিটিভ বার্তার পক্ষ থেকে দেশে এক কোটি গাছ লাগানো হবে। সকল মানুষের উচিত প্রতিদিন একটি করে গাছ লাগিয়ে রক্ষণাবেক্ষণ করা। তবেই প্রকৃতি বাঁচবে। এ ব্যাপারে সকল নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
পরিবেশ কর্মী দীনেশচন্দ্র বিশ্বাস বলেন, ইতিমধ্যে কয়েক লক্ষ গাছ রোপণ করেছি। মালয়েশিয়া, নেপালে এই কাজের জন্য সংবর্ধিত হয়েছি। সামাজিক সংগঠন সৃজন এবং পজিটিভ বার্তার এই অনুষ্ঠানে থাকতে পেরে খুবই ভালো লাগছে। দু’টি সংগঠনকে গাছ দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন দীনেশ।
- নিজস্ব চিত্র।