নয়াদিল্লি: এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে টিম ইন্ডিয়ার কোনও বাধা নেই। স্পষ্ট করে দিল ক্রীড়ামন্ত্রক। বৃহস্পতিবার ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট সংক্রান্ত নতুন নীতি জারি করেছে ক্রীড়ামন্ত্রক। তাতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হবে না। ভারত খেলতে যাবে না পাকিস্তানে। একইভাবে ভারতে আসার অনুমতি পাবে না পাকিস্তান। তবে আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিল কোনও প্রতিযোগিতা আয়োজন করলে, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলতে অসুবিধা নেই। অর্থাৎ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়া খেলার বিষয়ে যে জট তৈরি হয়েছিল, তা কাটল।
তবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের এই বিজ্ঞপ্তি নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বহু বছর ধরেই বন্ধ। তাই এটা নতুন কোনও নিয়ম নয়। পুরনো মদ শুধু নতুন বোতলে ঢালার গল্প। ফলে দেশবাসীর ক্ষোভ স্বাভাবিক। অনেকে বলছেন, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা পলেগাঁওয়ে নির্বিচারে গুলি চালিয়ে ২৬ জন নিরীহ মানুষকে হত্যা করল। তার জবাবে হল অপারেশন সিন্দুর। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, সিন্দুর অভিযান শেষ হয়নি,আপাতত স্থগিত রয়েছে। তাহলে কি করে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে খেলার জন্য বিসিসিআইকে ছাড়পত্র দেওয়া হচ্ছে? দেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। একদিকে রক্তগঙ্গা বাইবে, অন্যদিকে ক্রিকেট চলবে—দু’টো একসঙ্গে হতে পারে না।
কিন্তু কে শোনে কার কথা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বৃহস্পতিবার পাকিস্তানের সঙ্গে ক্রিকেট নিয়ে নতুন নীতি জারি করল ঠিকই, আসলে পরিকল্পনাটা অনেক আগেই গৃহীত হয়েছিল। না হলে বিসিসিআই কি করে এশিয়া কাপের দল নির্বাচন করল? অর্থাৎ, পহেলগাঁওয়ের নারকীয় হত্যায় যাঁরা বাবাকে হারালেন, স্বামীকে হারালেন, সন্তান হারানোর ব্যথা বুকে আজও যে মায়েরা কাঁদছেন, তাঁদের চোখের জলের কি কোনও দাম নেই? এই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।