নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৯ সালে প্রথমবার কলকাতায় ডুরান্ড কাপ আয়োজন করে সেনাবাহিনী। তারপর দিল্লি থেকে ফুটবলের মক্কায় নিয়ে আসা হয় এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। কলকাতার পাশাপাশি আরও চারটি রাজ্যে এবার আয়োজিত হবে ডুরান্ড কাপের ম্যাচ। তবে গত কয়েক বছর টিকিট বণ্টন ঘিরে ক্লাবগুলির মধ্যে বারবার অসন্তোষ দেখা গিয়েছে। বিশেষত ডার্বিতে সেনাবাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত টিকিট মেলেনি না বলেই উঠেছিল অভিযোগ। এবার সেই সমস্যা মেটানোর জন্য যাবতীয় প্রস্তুতি সেরে রেখেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সেনাবাহিনীর সঙ্গে বৈঠক সেরে কোন ম্যাচে কোন ক্লাবকে কত টিকিট দেওয়া হবে, তার তালিকাও তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার ফোর্ট উইলিয়ামে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ক্রীড়ামন্ত্রী জানান, ‘যুবভারতীতে আয়োজিত ম্যাচে প্রতিটি ক্লাবকে পাঁচ হাজার করে সাধারণ টিকিট দেওয়া হবে। পাশাপাশি ভিআইপি গ্যালারির জন্যও নির্দিষ্ট সংখ্যা বরাদ্দ থাকছে।’ একইসঙ্গে কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচ হলেও টিকিট পাবে ক্লাবগুলি।



