Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সংসদে পেশ স্পোর্টস বিল

ক্রীড়া সংস্থাগুলিতে আরও স্বচ্ছতা আনার লক্ষ্যে সংসদে পেশ হল স্পোর্টস বিল। লোকসভার বাদল অধিবেশনে বুধবার ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য তা পেশ করেন।

সংসদে পেশ স্পোর্টস বিল
  • ২৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ক্রীড়া সংস্থাগুলিতে আরও স্বচ্ছতা আনার লক্ষ্যে সংসদে পেশ হল স্পোর্টস বিল। লোকসভার বাদল অধিবেশনে বুধবার ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য তা পেশ করেন। এই বিলে ন্যাশনাল স্পোর্টস বোর্ড (এনএসবি) গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তারাই নিয়ন্ত্রণ করবে সমস্ত ক্রীড়া সংস্থাকে। অর্থাৎ দেশের সবক’টি ক্রীড়া সংগঠনই চলবে স্পোর্টস বোর্ডের নজরদারিতে। শুধু তাই নয়, একমাত্র স্পোর্টস বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত ক্রীড়া সংগঠনগুলোই পাবে কেন্দ্রীয় সরকারের আর্থিক বরাদ্দ।

Advertisement

ন্যাশনাল স্পোর্টস ট্রাইবুনাল গড়ার প্রস্তাবও রয়েছে এই বিলে। সিভিল কোর্টের সমান ক্ষমতা থাকবে এই ট্রাইবুনালের। দল গড়া থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত যাবতীয় বিতর্কের চূড়ান্ত সিদ্ধান্ত তারাই নেবে। এই ট্রাইবুনালের রায়কে চ্যালেঞ্জ জানাতে হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে। পাশাপাশি প্রস্তাবিত ক্রীড়া আইনে ক্রীড়া সংস্থার কর্তাদের বয়সের সময়সীমার ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। তাতে ৭০-৭৫ বছর বয়সিরা নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে তার জন্য সংশ্লিষ্ট সংস্থায় সেই নিয়ম থাকা জরুরি।
সবচেয়ে তাৎপর্যের হল, বিসিসিআইকেও থাকতে হবে স্পোর্টস বোর্ডের আওতায়। অতীতে বারবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের অধীনে আসার ক্ষেত্রে বিরোধিতা করেছে তারা। আন্তর্জাতিক মঞ্চে দেশের নামে খেলা সত্ত্বেও বিসিসিআই একটি স্বশাসিত সংস্থা হিসেবে কাজ চালিয়ে গিয়েছে। কিন্তু এবার সেই ‘ঔদ্ধত্য’ বন্ধ হতে চলেছে বোর্ডের। উল্লেখ্য, ২০২৮ লস অ্যাঞ্জেলস ওলিম্পিকসে অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট। আর বিশ্বের বৃহত্তম ক্রীড়ামঞ্চে অংশ নিতে হলে অন্য সমস্ত স্বীকৃত ক্রীড়া সংস্থার মতোই স্পোর্টস বোর্ডের অধীনে আসতে হবে বিসিসিআই’কে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ